বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা তা যেন অজানা এক প্রশ্নের উত্তর। প্রতিদিন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক নতুন তথ্য সামনে এলেও চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। তবে এসব ইস্যুতে আজ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে কখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অবশেষে আজ বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুলেছেন লিটন।
বিপিএলে আজ সিলেট টাইটানসের কাছে হেরে বিদায় নিয়েছে লিটন দাসের রংপুর রাইডার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপে আপনি দলকে নেতৃত্ব দিবেন এখনো আপনি জানেন না বাংলাদেশ খেলবে কিনা?
এমন প্রশ্নের জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে লিটনের স্পষ্ট উত্তর, ‘আপনি জানেন? আপনিও জানেন না আমিও জানি না সেইম পেজে (একই অবস্থা)।’
বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বিসিবিরও একই অবস্থান। শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি।
এই ঘটনা সবারই জানা। তবে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বা কোথায় খেলবে? এই ইস্যুতে বোর্ড দলের অধিনায়ক লিটন দাসের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেছে কিনা এমন প্রশ্নের জবাবটা শুনে অনেকেই অবাক হতে পারেন।
এই প্রশ্নের জবাবে লিটনের এক শব্দের উত্তর, ‘না’। দলের অধিনায়কের সঙ্গে আলোচনা করাটা বোর্ডের প্রয়োজন ছিল কিনা প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আমি জানি না। কিন্তু হয়নি(কথা) আমার সাথে।’
বিপিএলের ফাইনাল আগামী ২৩ জানুয়ারি। লম্বা সময় বিপিএল খেলার পর বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি কেমন? লিটনের উত্তর, ‘এই যে এখন থেকে সুযোগ পাবো যারা ২৩ তারিখ থেকে খেলা শেষ করবে তারপর যদি বিশ্বকাপ সাত তারিখে শুরু হবে তাহলে সাত আর ২৩ থেকে সাত ১৪ দিন মেন্টাল অনেক সুযোগ থাকবে আমাদের চিন্তাভাবনা করার।’