আইসিসি সভায়

বাংলাদেশের পক্ষে ভোট ছিল ২টি, বিপক্ষে ১৪টি

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ বুধবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা কিংবা সমর্থকদের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। সে কারণে নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ থেকে সরানো হবে কি না - এই অবস্থান নিয়ে আইসিসির ১৬ সদস্যের বোর্ডের প্রতিনিধির মধ্যে ভোট করা হয়। সেই ভোটাভুটিতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হলে অন্য দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এই মর্মে সকলের মত জানতে চাওয়া হয়। 

যেখানে বাংলাদেশের অবস্থানের পক্ষে মাত্র দুটি ভোট পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানাচ্ছে, বাংলাদেশের পক্ষে আরেকটি ভোট এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। আইসিসির সূত্রের বরাতে জানা গিয়েছে, বাংলাদেশের অবস্থানের বিপক্ষে ১৪টি ভোট পড়েছে। যেখানে বাংলাদেশের বিপক্ষে ভোট দেওয়ার তালিকায় আছেন আরব আমিরাত ও মালয়েশিয়া ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও।

সভায় উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসিবি) সভাপতি আমিনুল ইসলাম, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুখুলানি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ার ব্রায়ান ম্যাকনিস, নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুজ, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

আইসিসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে বিসিবির সঙ্গে একাধিক বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এ সময় ভেন্যুভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়।