বাংলাদেশ না খেললে আইসিসি বড় মিস করবে: বিসিবি সভাপতি বুলবুল

নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন অবস্থানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর মতে, আইসিসির সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট–সমর্থকদের প্রত্যাশা ও সমর্থনকে ক্ষুণ্ন করেছে।

আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বুলবুল জানান, বাংলাদেশের মতো এমন একটি ক্রিকেট পাগল দেশ বিশ্বকাপে না খেললে আইসিসি বড় মিস করবে। 

বিশ্বকাপে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না এমন সিদ্ধান্তের পর নিজের প্রতিক্রিয়ায় বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্ধিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে। সেখানে আইসিসি এরকম ২০০ মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা.. প্রত্যেকদিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই অবস্থা যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আল্টিমেটেম বেঁধে দেয়া হয়েছে। তারপরেও আমরা সর্বস্ব চেষ্টা করে যাব।’

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে এইটা আইসিসির বড় না পাওয়া এমন ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে বাংলাদেশের মত একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে।’

ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে। এর আগে সেই দেশে বৈশ্বিক টুর্নামেন্টে নিরাপত্তার কারণে বাংলাদেশ যাচ্ছে না, এটি ভারতেরই ব্যর্থতা জানিয়ে বুলবুল বলেন, ‘যেখানে ক্রিকেট বড় হচ্ছে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে ২০২৮ এ ২০৩২ এ ব্রিজবেন হোস্ট করছে ২০৩৬ এ ভারত অলিম্পিক বিট করছে কমন কমন গেমস তারা বিট করতেছে সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায় এটা মনে হচ্ছে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটার ব্যর্থতা। আমরা আমাদের মধ্যে চেষ্টা করে যাব। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না।’