বলছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা

পাকিস্তান উসকানি দিয়েছে, বাংলাদেশ বড় ভুল করে ফেলেছে

নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে এবং শেষ পর্যন্ত এ কারণে বিশ্বকাপ থেকেই বাদ পড়তে হয়েছে তাদের, এর পেছনে পাকিস্তানের হাত দেখছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের তারকা মদন লাল। বাংলাদেশ এ ক্ষেত্রে ভুল করেছে বলেও মত দিয়েছেন তিনি।

পুরো প্রক্রিয়ায় আইসিসির দৃঢ়তার প্রশংসা করে ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল ভারতের সংবাদসংস্থা এএনআইতে বলেছেন, ‘(বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু বদলানোর দাবির প্রেক্ষিতে) আইসিসি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। এ জায়গায় ওদের (বাংলাদেশ) উসকানি দিয়েছে পাকিস্তানও। এখন দারুণ একটা সুযোগ পেয়ে গেল স্কটল্যান্ড, কারণ ওদের খেলোয়াড়েরা বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। বাংলাদেশ খুব বড় একটা ভুল করে ফেলল।’  

প্রায় কাছাকাছি ঢংয়ে অবশ্য সপ্তাহখানেক আগেও একবার বাংলাদেশ-ইস্যুতে মন্তব্য করেছিলেন মদন লাল। ইন্ডিয়া টুডে-তে তখন বলেছিলেন, ‘আমার মনে হয় এটা (ভারত থেকে ম্যাচ না সরালে বাংলাদেশের বিশ্বকাপ বর্জন করা) বোকামি হবে, কারণ ভারত এখানে কিছুই হারাচ্ছে না। বাংলাদেশ সবকিছুই হারাচ্ছে। কারণ বাণিজ্যিক দিক থেকে দেখলে, এত বড় টুর্নামেন্টে অংশ নেওয়া মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’

সে সময়ও বাংলাদেশের সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের ইন্ধনের ভূমিকা আছে বলে মন্তব্য করেছিলেন মদন লাল, ‘আমার মনে হয় পাকিস্তানই ওদের (বাংলাদেশ) এই টুর্নামেন্টে অংশ না নিতে প্ররোচিত করছে। ওরা (পাকিস্তান) শুধুই ভারতকে নিচে নামাতে চায়।’