হান্ড্রেডের নিলাম নিয়ে ইসিবির সতর্কবার্তা

পাকিস্তানিদের ওপর টাকার জোর দেখানোর ফন্দি আঁটছে ভারতীয়রা?

২০২৬ মৌসুমের দ্য হান্ড্রেডের আসন্ন নিলামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যার নেপথ্যে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের আধিপত্য। সম্প্রতি ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের নিলামের আগে পাকিস্তানি ক্রিকেটারদের দলে না নেওয়ার প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। আর তাতেই পাকিস্তানি ক্রিকেটারদের এই লিগে না দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। 

এমন পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিদের হুঁশিয়ারি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংশ্লিষ্ট মালিকানাধীন চারটি দল পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হান্ড্রেডে বিবেচনা না-ও করতে পারে। যদিও কোনো ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে এমন অবস্থান জানায়নি, তবু এমন খবর প্রকাশের পরই ইসিবি পদক্ষেপ নিয়েছে।

ইসিবি দ্য হান্ড্রেডের আটটি দলের কাছেই চিঠি পাঠিয়ে ক্রিকেটারদের ক্ষেত্রে ন্যায্য নির্বাচন ও বৈষম্যবিরোধী নীতিমালা মেনে চলার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বোর্ড সরাসরি কোনো দলকে নির্দিষ্ট খেলোয়াড় নিতে বাধ্য করতে না পারলেও, নির্বাচন প্রক্রিয়ায় যেন নিয়ম ভঙ্গ না হয় সে বিষয়ে সতর্ক করেছে।

আচমকা কেন বিতর্কের মুখে পাকিস্তানি ক্রিকেটাররা? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে। 

জবাবটা একেবারেই স্পষ্ট, ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার জেরে পাকিস্তানি খেলোয়াড়রা এক দশকেরও বেশি সময় ধরে আইপিএল খেলতে পারেন না। গত মে মাসে দুই দেশের মধ্যে হয়ে যাওয়া সংঘাতের জেরে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও সেই প্রভাব ছড়িয়ে পড়তে যাচ্ছে। কারণটাও সবারই জানা, আইপিএলের মালিকানা পাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যান্য দেশের লিগেও দল কিনে নেওয়া।

দ্য হান্ড্রেডে আসন্ন মৌসুমে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, সাউদার্ন ব্রেভস, এমআই লন্ডন এবং সানরাইজার্স লিডসের মালিকানার অর্ধেক অংশ কিনে নিয়েছে আইপিএলের চারটি দল- মুম্বাই, লক্ষ্ণৌ, হায়দরাবাদ ও দিল্লি।

জানা গেছে, ভারতে রাজনৈতিক প্রভাব পড়তে পারে - এই শঙ্কায় হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিতে অনাগ্রহী এই চার ফ্র্যাঞ্চাইজি। তবে ইসিবির এমন হুঁশিয়ারির পর আগামী মার্চে হতে যাওয়া নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের ভাগ্যে কী আছে, তা এখন দেখার ব্যাপার।

আগামী ১১-১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিতব্য নিলামের জন্য মোট ৬৭ জন পাকিস্তানি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬৩ জন পুরুষ ও চারজন নারী খেলোয়াড় রয়েছেন।