টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের মধ্যে একটা অদৃশ্য মল্লযুদ্ধ হয়ে গেল। ভারতের সঙ্গে খেলবে না জানিয়ে বেশ হুলুস্থুল ফেলে দিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত খেলল, এবং বিশাল ব্যবধানে হেরেও গেল।
ওদিকে গ্রুপ পর্বের সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে পড়া ভারত সুপার এইটে উঠেই সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত হলো।
আর পাকিস্তানের কী দশা? সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে, যে কারণে ইংল্যান্ডের সঙ্গে আজকের ম্যাচটা পাকিস্তানের জন্য হয়ে উঠেছিল মহাগুরুত্বপূর্ণ। কিন্তু পাল্লেকেলেতে আজ এক হ্যারি ব্রুকের কাছেই হেরে গেছে পাকিস্তান। ৫১ বলে ১০ চার ৪ ছক্কায় দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এই বিশ্বকাপ দিয়েই প্রথমবার ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে তিনে ব্যাটিং করা ব্রুক। তাঁর সেঞ্চুরিতে ভর করে শেষ দিকে জমে ওঠা ম্যাচে ২ উইকেটে জিতেছে ইংল্যান্ড।
আগের ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো ইংল্যান্ড আজকের জয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে পাকিস্তানের কী অবস্থা? এক কথায়, এখন ভারতের সঙ্গে তাদের লড়াইটা মূলত কার অবস্থা বেশি খারাপ এ নিয়ে! সুপার এইটে ভারতের দুই ম্যাচ বাকি থাকলেও তাদের ভাগ্য আর পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নয়, পাকিস্তানেরও এখন একই দশা।
অথচ আজ পাকিস্তান বোলিংয়ে যেভাবে শুরু করেছিল, তাতে তাদের অবস্থা আরেকটু ভালো হবে বলেই মনে হচ্ছিল। টস জিতে আগে ব্যাটিং নেওয়া পাকিস্তান এবারের বিশ্বকাপে দারুণ ব্যাটিং করতে থাকা ওপেনার সাহিবজাদা ফারহানের ফিফটি (৪৫ বলে ৬৩) আর মিডল অর্ডারে বাবর-ফখর-শাদাবদের মধ্য বিশের তিন ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে তুলেছে ১৬৪ রান। অবশ্য মিডল অর্ডারে তিন ব্যাটসম্যান মধ্য বিশের ইনিংস খেললেও সেখানেও যথারীতি থাকছে বাবর আজমের সমালোচনা। পাঁচে নামা ফখর জামান যেখানে ১৬ বলে ২৫ রান করেছেন, ছয়ে নামা শাদাব ২৩ রান করেছেন ১১ বলে, সেখানে চারে নামা বাবরের ২৪ বলে ২৫ রানের ইনিংস পাকিস্তানের রানের গতিই কমিয়ে দিয়েছিল!
তা এই রান নিয়েই বোলিংয়ে দারুণ লড়াই শুরু করেছিল পাকিস্তান, আরও নির্দিষ্ট করে বললে এই ম্যাচ দিয়েই আবার একাদশে ফেরা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। পাওয়ার প্লে-র মধ্যেই ইংল্যান্ডের তিন উইকেট নিয়েছেন আফ্রিদি! কিন্তু এরপর থেকেই শুরু হ্যারি ব্রুকের হাতে পাকিস্তানের হার্ট ‘ব্রেক’ হওয়ার গল্প। শাহিনের তোপে ৩৫ রানের মধ্যে সল্ট-বাটলার-বেথেলকে হারানো ইংল্যান্ড যে পাওয়ার প্লে-তে ৩ উইকেটে ৫৩ রান তুলেছে, সেটা ব্রুকের কারণেই।
২৮ বলে ফিফটিতে পৌঁছানো ব্রুক এমনভাবেই খেলেছেন যে, ইংল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনি ছাড়া বাকি চারজনই যে এক অঙ্কে আউট হয়েছেন, সেদিকেও যেন খেয়াল করার সময় পাওয়া যায়নি! ১২তম ওভারের প্রথম বলে ইংল্যান্ড ১০০ পার হলো। ১৭তম ওভারে ১৫০। ততক্ষণে পঞ্চম উইকেটে গিয়ে ইংল্যান্ড ইনিংসে ব্রুকের সঙ্গে ক্রিজে কিছুক্ষণ সময় কাটাতে পারা প্রথম ব্যাটসম্যান স্যাম কারেনের (১৬ রান) পর উইল জ্যাকস (২৮ রান) কিছুটা গেঁড়ে বসেছেন। ততক্ষণে ম্যাচ ইংল্যান্ডের দিকে হেলে পড়েছে।
দলকে দেড় শ পার করানোর পর নিজে ৫০ বলে সেঞ্চুরি পেলেন ব্রুক, এর পরের বলেই আউট হয়ে গেলেন শাহিনের ডেলিভারিতে বোল্ড হয়ে। কিন্তু সেখান থেকেও ইংল্যান্ডকে জিততে ঘাম ঝরাতে হয়েছে, এতটুকুই যা প্রাপ্তি পাকিস্তানের।