সরে দাঁড়াচ্ছেন জয়সুরিয়া

২০২৪-এ অন্তর্বর্তী দায়িত্ব নিয়েছিলেন, এবার নিজ দেশকে ডুবিয়ে বিদায় নিচ্ছেন তিনি

এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের দুই ম্যাচে হারের কারণে বিশ্বকাপের সেমিফাইনাল যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় লঙ্কানদের। ঘরের মাঠে এমন ব্যর্থ পারফরম্যান্সের পর দলটির হেড কোচ সনাথ জয়সুরিয়া বিদায় নিচ্ছেন। 

আজ সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের জন্য এটি নিয়মরক্ষার ম্যাচ। পাল্লেকেলেতে এই ম্যাচ শেষ হতেই লঙ্কান ক্রিকেটের হেড কোচের দায়িত্ব থেকে জয়সুরিয়া অধ্যায়ের ইতি ঘটবে।

সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৭ রানের সহজ লক্ষ্য টপকাতে পারেনি শ্রীলঙ্কা। এক শ রানের আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ম্যাচে কিউইদের ৮৪ রানে ৬ উইকেট তুলে নিয়েও শেষ দিকের বোলিং ব্যর্থতায় লঙ্কানদের সামনে ১৬৯ রানের লক্ষ্য দাঁড়ায়। সেই ম্যাচে মাত্র ১০৭ রানে থামে শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে এমন ব্যর্থ পারফরম্যান্স স্বাগতিকদের বিদায় নিশ্চিত করে। 

২০২৪ সালের জুলাইয়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সনাথ জয়সুরিয়া। শুরুর দিকেই তার অধীনে শ্রীলঙ্কা দল ইতিবাচক ফল পেতে শুরু করে। ভারতের বিপক্ষে ২৭ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় এবং দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়টি আসে জয়সুরিয়ার অধীনেই। মেয়াদের শুরুতে এমন প্রথম বড় সাফল্য আসায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়।

ধারাবাহিক সাফল্যের ভিত্তিতে ২০২৪ সালের ১ অক্টোবর দুই বছরের চুক্তিতে জয়সুরিয়াকে পূর্ণকালীন প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়সহ আরও কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য আসে, যা একসময় শ্রীলঙ্কাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিল।

কিন্তু চলমান বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে লঙ্কানরা। নিজ ঘরের মাঠে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের ফলে সেমিফাইনালে ওঠা সম্ভব হয়নি।

যদিও সনাথ জয়সুরিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন, ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই তিনি দায়িত্ব ছাড়বেন। তার চুক্তির মেয়াদ ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ছিল। কিন্তু আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই সরতে দাঁড়াচ্ছেন জয়সুরিয়া।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার মেয়াদে শ্রীলঙ্কা সব ফরম্যাট মিলিয়ে ৭৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ৩৪টিতে, হার ৩৮টিতে, আর ২টি ম্যাচে কোনো ফল হয়নি।