ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কার মেয়েরা। এমন দারুণ সাফল্যের পরও কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নারী দলের হেড কোচ রুমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেমি সিডন্স।
তামিম-সাকিবদের সাবেক এই কোচকে শ্রীলঙ্কা জাতীয় নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়ে আজ এক বিবৃতি প্রদান করেছে এসএলসি।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেমি সিডন্স রুমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন। এই লঙ্কান ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে দায়িত্বে ছিলেন। শ্রীলঙ্কান এই কোচের অধীনে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন দল ২০২৪ সালে তাদের প্রথম এশিয়া কাপের (টি–টোয়েন্টি) শিরোপা জিতেছে।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সিডন্স বাংলাদেশ জাতীয় পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেভেল-৩ যোগ্যতাসম্পন্ন এই কোচ এর আগে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল সাউথ অস্ট্রেলিয়ার (রেডব্যাকস) প্রধান কোচ এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডস দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।
এই অস্ট্রেলিয়ান এক বছরের জন্য নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যা আগামী ১৬ মার্চ থেকে কার্যকর হবে।
জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিডন্সের কাজ অনেকটাই চ্যালেঞ্জিং হবে। নতুন দায়িত্বে তার প্রথম সিরিজটাই হবে বাংলাদেশের বিপক্ষে। চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের কথা রয়েছে।