৫ ওভারেই ৫ উইকেট নাহিদ রানার, পাকিস্তান চুরমার

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। নাহিদ রানার গতির কাছে রীতিমত বিধ্বস্ত পাকিস্তানের টপ অর্ডার। ১৮তম ওভারের ভেতর ৬৯ রান তুলতেই ৫ উইকেট নেই শাহিন শাহ আফ্রিদিদের। 

আর সবকটি উইকেটই নিয়েছেন পেসার নাহিদ রানা। ৫ ওভারের স্পেলে প্রতি ওভারেই উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখাও পেয়েছেন নাহিদ।  

অথচ পাওয়ার প্লেতে দারুণ সূচনা পেয়েছিল পাকিস্তান। প্রথম ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু উইকেটের খুঁজে থাকা বাংলাদেশকে দশম ওভারে আলো দেখান পেসার নাহিদ রানা। 

নিজের প্রথম ওভারে এসেই ওপেনার সাহিবজাদা ফারহানকে ফেরান তিনি। ৩৮ বলে ২৭ রান করে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত এই ওপেনার। দশম ওভারে প্রথম উইকেট হারানো পাকিস্তান এরপর নাহিদ রানার প্রতি ওভারেই উইকেট হারিয়েছে। 

১২,১৪ ও ১৬তম ওভারে পাকিস্তানের আরও ৩ উইকেট তুলে নেন নাহিদ। নিজের দ্বিতীয় ওভারে আরেক অভিষিক্ত শামিল হোসেনকে( ৪ রান) ফেরান এই ডানহাতি। এরপর ১৪তম ওভারে আরেক ওপেনার মাজ সাদাকাতকে শর্ট বলের ফাঁদে ফেলেন নাহিদ। ১৮ রান করে ক্যাচ দিয়ে ফেরেন এই অভিষিক্ত বাঁহাতি ব্যাটসম্যান।

দলীয় ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান আরও বিপাকে পড়ে অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে। নাহিদের করা চতুর্থ ওভারে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান (১০ রান)। 

প্রথপম ৪ ওভারে ৪ উইকেট নেওয়া নাহিদ নিজের পঞ্চম ওভারে তুলে নেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘার(৫ রান) উইকেট। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম ফাইফারের সঙ্গে সেরা বোলিং ফিগারের দেখাও পান নাহিদ।

এই ডানহাতি পেসারের পর পাকিস্তানের ষষ্ঠ উইকেট তুলে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার আরেক অভিষিক্ত আবদুল সামাদ ৬ বলে শূন্য রান করে ফিরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭৩ রান।