আফগানিস্তানের কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। এই ঘটনায় আফগানিস্তানের ক্রিকেটার আল্লাহ গজনফার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এক বার্তা দিয়েছেন। এই অফ স্পিনার পাকিস্তানকে আফগানিস্তানের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছেন যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে পাকিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন গজনফার।
পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়ে গজনফার বলেন, ‘সেখানে(কাবুল) মানুষের চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা সেই জায়গাটিকেও লক্ষ্যবস্তু বানিয়েছে, তারা ওই মানুষগুলোকেও শহীদ করেছে। এটি আফগানিস্তানের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’
সামরিক হামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে আফগানিস্তানের এই স্পিনার বলেন, ‘আমি জানি না তারা কী প্রমাণ করতে চায়। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানিয়েছে, এবং আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। আফগানিস্তান এটি মেনে নিতে পারে না।’
পাকিস্তানকে সতর্ক করে গজনফার বলেন, ‘আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে পাকিস্তানের কপালে খারাবি আছে।’
আফগান এই স্পিনার ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে এসে তাদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
ভারত আফগানিস্তানের কাছের বন্ধু জানিয়ে আফগানিস্তানের এই স্পিনার বলেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্য দেশগুলোর কাছেও আমাদের এই অনুরোধ থাকবে। এটি মানুষের জন্য ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি কারও জন্যই ভালো নয়।’