সাকিবকে নিয়ে পরিকল্পনাটা কী? দায়িত্ব নিয়েই জানালেন প্রধান নির্বাচক

কয়েকদিন আগে শেষ হওয়া পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি সাকিব আল হাসানের। বাঁহাতি এ অলরাউন্ডারের নামে মামলা সংক্রান্ত যেসব জটিলতা আছে, সেসবের নথিপত্র এরইমধ্যে মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মামলা সংক্রান্ত ঝামেলাগুলো শেষ হলে দেশে ফেরার কথা সাকিবের।

তা সাকিব কতদিনের জন্য ফিরবেন? দেশে ফিরলেই কি জাতীয় দলে সুযোগ পাবেন?- এমন প্রশ্ন ঘুরছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিষয়গুলোর জবাব দিয়েছেন বিসিবির নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। গতকাল মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সাকিবের ফেরা নিয়ে বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। 

সাকিব প্রসঙ্গে হাবিবুল বাশার বলেছেন, ‘সাকিব প্রস্তুত হয়ে দলে আসবে। সাকিবের সার্ভিস নিতে পারলে দল উপকৃত হবে। জেনুইন অলরাউন্ডার, ওকে নিয়ে তো কথা বলার কিছু নেই। যদি সবকিছু ঠিক থাকে (সাকিব ফিরলে) দলের উপকারই হবে।’

নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরার সম্ভাবনা কতটা, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেছেন, ‘খুব বেশি সময় বাকি নেই কিন্তু। সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। সাকিবকে যতটা চিনি, সে কালকে পরশু এসেই খেলবে না। ওরও প্রস্তুতি দরকার আছে। এটা আবেগের জায়গা না। সাকিবকে চিন্তা করলে আমি লম্বা সময়ের জন্যই চিন্তা করব। লম্বা সময় সার্ভিসটা চাইব। প্রস্তুত হওয়ার ব্যাপারও রয়েছে। আমি চাই সাকিব একদম প্রস্তুত হয়ে আসুক। আসুক লম্বা সময়ের জন্য।’

তা লম্বা সময় বলতে ঠিক কতটা, সেটারও ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার, ‘আমার মনে হয় ওর আরও ২ বছর বাকি আছে (খেলার)। অনেকে অবসরের কথা বলে। আমি বলি, ওরা যতদিন খেলবে ততদিন আমাদের জন্য লাভ। পরিকল্পনাটা যেন অন্তত ২০২৭ বিশ্বকাপ খেলতে পারে, এক সিরিজ নয়। এজন্যই লম্বা সময়ের প্ল্যান আমার (সাকিবকে নিয়ে)।’