পিএসএলের মৌসুমের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স ও নবাগত দল হায়দরাবাদ কিংসম্যান। পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচেই বিতর্কের দেখা দিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের ম্যাচে হঠাৎ সাদা বল গোলাপি রংয়ের বলে পরিণত হয়।
যা রীতিমত অবাক করেছে সবাইকে। ঘটনাটি ঘটেছে প্রথমে নজরে আসে লাহোর কালান্দার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে। সে সময় আচমকা সাদা বল গোলাপি রংয়ের হতে দেখে হায়দরাবাদ কিংসম্যানের অধিনায়ক মার্নাস লাবুশেন আম্পায়ারের কাছে অভিযোগ জানান। তবে তাতে কাজ হয়নি। সেই বল দিয়েই খেলা চলেছে লম্বা সময়।
লাহোর কালান্দার্সের ইনিংসে ১৫তম ওভার পর্যন্ত এই রং বদলে যাওয়া বলেই খেলা হয়েছে। পরে ১৫ ওভার শেষে আম্পায়াররা বাধ্য হয়ে বল পাল্টেছেন।
ম্যাচ শেষে এই ব্যাপারে সংবাদ সম্মেলনে লাবুসেন বলেন, ‘দ্বিতীয় ওভারের পর আমি আম্পায়ারদের বলেছিলাম, ‘কী হচ্ছে? বল তো লাল হয়ে যাচ্ছে।’ এটা নিশ্চয়ই পোশাক থেকে হয়েছে বা এমন কিছু। আমি আগে কখনও এমন দেখিনি।’
অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান কখনো অভিজ্ঞতার মুখোমুখি হননি জানিয়ে বলেন, ‘আমি দেখেছি কখনও ব্যাট থেকে কিছু রং বলের ওপর লাগে, বা প্যাডে লাগলে একটু রং উঠে আসে। কিন্তু পোশাক থেকে এমন হওয়া আগে দেখিনি। আশা করি তারা পরবর্তী ম্যাচগুলোর আগে বিষয়টি ঠিক করবে।’
এমন ঘটনায় ভক্তরা ফ্র্যাঞ্চাইজি মালিকদের একহাত নিয়েছেন। হায়দরাবাদ কিংসম্যান এবারের পিএসএলে ১৭৫ কোটি পাকিস্তানি রূপিতে দল নিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৭ কোটি টাকা। এত মোটা অঙ্কের অর্থে দল নিয়েও জার্সির নিম্নমান নিয়ে প্রশ্ন উঠেছে।
বিতর্কিত এই ম্যাচে হায়দরাবাদকে ৬৯ রানে হারিয়ে লাহোর কালান্দার্স। লাহোরের হয়ে পিএসএলে গতকাল অভিষেক হয়েছে বাংলাদেশের ওপেনার বাংলাদেশের পারভেজ হোসেন ইমনের। একাদশে ছিলেন আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমান।
আগে ব্যাট করতে নেমে লাহোর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পায়। যেখানে ব্যাট হাতে নিজেদের অভিষেক ম্যাচে বড় রান করতে পারেননি ইমন। ১ ছক্কায় ১৩ বলে করেছেন ১৪ রান। তবে বল হাতে মোস্তাফিজ আলো কেড়েছেন, ৪ ওভারে( ৯ টি ডট বল ছিল) ১৯ রান দিয়েছেন ১ উইকেট।