ফেসবুক-টুইটারে পোস্ট দিতেও বোর্ডের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের

পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) কঠোর বিধি নিষেধ আরোপ করেছে দেশটির ক্রিকেটারদের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ক্রিকেটারদের কঠোর সতর্কবার্তা দিয়েছে পিসিবি। বোর্ডের অনুমতি ছাড়া এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের পোস্ট করতে পারবেন না পাকিস্তানের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা-খবর জিও নিউজের। 

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে,  কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা পিসিবির মিডিয়া বিভাগের পূর্বানুমতি ছাড়া সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না।

গতকাল পাকিস্তানের পেসার নাসিম শাহকে শাস্তি দেওয়ার পরই আজ এমন কঠিন নিয়ম আরোপ করা হয়েছে। গত ২৬ মার্চ পাকিস্তান জাতীয় দলের এই ক্রিকেটার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাতিজি মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের খেসারত হিসেবে শৃঙ্খলা কমিটির প্রতিবেদনের পর গতকাল ২ কোটি পাকিস্তানি রূপি জরিমানা করা হয় নাসিম শাহকে।

জিও নিউজ আরও জানিয়েছে, খেলোয়াড়দের স্পষ্টভাবে তাদের কেন্দ্রীয় চুক্তিতে উল্লেখিত নিয়মাবলি, বিশেষ করে বোর্ডের সোশ্যাল মিডিয়া নীতিমালা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, খেলোয়াড়দের ম্যানেজারদেরও সামাজিক মাধ্যমের নীতিমালা সম্পর্কে অবহিত করা হয়েছে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, কোনো অবস্থাতেই রাজনৈতিক পোস্ট সহ্য করা হবে না।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যতে কোনো খেলোয়াড় বিতর্কিত কিছু পোস্ট করলে তাকে কমপক্ষে ১ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হতে পারে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার(২৬ মার্চ) লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের মধ্যকার ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় মরিয়ম নওয়াজ মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। সেই ঘটনার একটি ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে পিসিবির মিডিয়া বিভাগ। যা নাসিম শাহ তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কেন তাঁকে লর্ডসের রাণীর মতো সম্মান দেওয়া হচ্ছে?’

এই ঘটনার পর পিসিবি ২৭ মার্চ একটি শোকজ নোটিশ জারি করে, যেখানে নাসিম শাহর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। তার জবাব পাওয়ার পর তিন সদস্যের শৃঙ্খলা কমিটি গতকাল (৩০ মার্চ) জানায়, নাসিম শাহ তাঁর কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ভঙ্গ করেছেন। শুনানিতে নাসিম শাহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও তাঁকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।