মনে হয়েছিল, মরে যাচ্ছি: নেইমার

আসন্ন বিশ্বকাপের ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমার অবশ্য এখনো বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে হাল ছাড়েননি। নিজেকে পুরোপুরি ফিট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সান্তোসেই।

 সেই সান্তোসেই সতীর্থদের সঙ্গে এক আলাপে ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের বাদ পড়ার অভিজ্ঞতা বর্ণনা করেন নেইমার। সেই ঘটনার একটি একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ইউটিউবে। সেই বর্ণনায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছেন, ওই মূহূর্তে তাঁর মনে হয়েছিল, তিনি কফিনের ভেতর আটকে আছেন। আর বাইরে তাঁর সৎকার চলছে!

২০০২ সালের পর থেকেই বিশ্বকাপে খালি হাতে বিদায় নেওয়া ব্রাজিল ২০২২ বিশ্বকাপে বাদ পড়ে ক্রোয়েশিয়ার কাছে। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষের পর অতিরিক্ত সময়ে নেইমার একটা গোল করে ব্রাজিলকে এগিয়ে (১-০) দিয়েছিলেন বটে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল করে (১-১) ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যায় ক্রোয়েশিয়া।

পেনাল্টি শুটআউটে প্রথম চার শটের মধ্যেই দুটি মিস করে ব্রাজিল। অন্যদিকে ক্রোয়াটরা চারটিই গোল করায় ৪-২ ব্যবধারে হেরে যায় ব্রাজিল। সেলেসাওদের জার্সিতে তাই আর নেইমারের পঞ্চম পেনাল্টি শটটি নেওয়ার প্রয়োজন হয়নি।

এভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়ার অভিজ্ঞতা বর্ণনায় নেইমার বলেছেন, ‘আমার জীবনে আমি সবসময় পঞ্চম পেনাল্টিটাই নিয়েছি। পঞ্চম শটটা সবচেয়ে কঠিন, কিন্তু অনেক সময় সেটি নেওয়ার সুযোগই আসে না।’

নেইমার যোগ করেন, ‘মনে হয়েছিল, আমি মরে যাচ্ছি। ম্যাচের পর আমরা হোটেলে ফিরলাম। মনে হচ্ছিল, পৃথিবীটা থমকে গেছে। আর ধীরে ধীরে পরিবারের সঙ্গে আবার দেখা হচ্ছে… সবাই তোমার পাশ দিয়ে যাচ্ছিল। একটু গম্ভীর মুখে। যেন বলছে—‘সব শেষ হয়ে গেল।’’

নিজেকে ওই সময় একজন মৃত ব্যক্তির মতো মনে হয়েছিল নেইমারের, ‘আমার শেষ কৃত্যটা কেমন হবে, সেটাই যেন চোখের সামনে দেখছিলাম। ঈশ্বরের কসম, আমার তেমনটাই মনে হয়েছিল। আমি একটা ছোট ঘরে বসেছিলাম। আর একে একে মানুষ আসছিল। আমার পরিবার এল, তারপর আরও অনেকেই আসতে থাকল। সবাই খুব কাঁদছিল, চোখ লাল ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না।’

নেইমার যোগ করেন, ‘মনে হচ্ছিল, যেন আমি একটা কফিনের ভেতরে আছি, আর সবাই অবাক হয়ে বলছে—“আরে, তুমি এখনো বেঁচে আছ!”— ঠিক এমনটাই মনে হচ্ছিল আমার।’