বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত দুই বছরে চার সভাপতির দেখা মিলেছে। এর মধ্যে জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স দায়িত্ব নিয়েই দেখেছেন তিন বিসিবি সভাপতি। বোর্ডের প্রধানদের এত পরিবর্তন নিয়ে আজ নিজের অবস্থান জানিয়েছেন এই সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার।
নিউজিল্যান্ড সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স। মাঠের এবং মাঠের বাইরের একাধিক ঘটনা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে এমন আচমকা পরিবর্তন কি সিমন্সকে অবাক করে? এমন প্রশ্নের জবাবে সিমন্সের উত্তর, ‘জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না (হাসি)। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এটা জীবন নিয়েই আমার উপলব্ধি। আমি এতটাই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি যে আমি জানি, প্রতিদিন কত কিছু ঘটে যেতে পারে, তাই কোনো কিছুতেই আমি আর বিস্মিত হই না।’
বাংলাদেশের হেড কোচ সিমন্সের দাবি, বদল হওয়া তিন বিসিবি সভাপতি তাঁর কাজে কোনো প্রভাব ফেলেননি। কোচিং গ্রুপে নিজেদের মতো করেই কাজ করেছেন জানিয়ে সিমন্স বলেন, ‘একটা সিরিজের প্রস্তুতির জন্য আমরা যেভাবে দলকে তৈরি করি বা যে পরিশ্রম করি, সেখানে এটি (সভাপতি বদলে যাওয়া) কোনো পার্থক্য গড়ে দেয়নি। কোচিং গ্রুপ হিসেবেও আমাদের কাজের ধরনে এটি কোনো প্রভাব ফেলেনি।’
নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলনে প্রথম কয়েক মিনিট সিমন্সকে বোর্ডের সভাপতি পরিবর্তন নিয়েই কথা বলতে হয়েছে। তবে একসময় সিমন্স বাধ্য হয়ে বলেন, ‘ক্রিকেটের প্রশ্নে ফেরে যাক…।’
আগামী ১৭ এপ্রিল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।