নিউজিল্যান্ডকে হারালে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে?

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিং বড় মাথা ব্যথ্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে কারা বিশ্বকাপে সরাসরি খেলবে। স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‍্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ৯-এ আছে বাংলাদেশ।

ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের। 

সবশেষ সিরিজে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এবারের সিরিজে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হারালে র‍্যাঙ্কিংয়ে কেমন পরিবর্তন আসবে বাংলাদেশের?

অন্যান্য দলের রেটিং পয়েন্ট অনুযায়ী এই সিরিজ বাংলাদেশ জিততে পারলেও ৮ নম্বরে ওঠার সুযোগ আপাতত নেই মেহেদী হাসান মিরাজদের। তবে রেটিং পয়েন্টে পরিবর্তন আসার সুযোগ আছে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮৩। এদিকে দুর্দান্ত পারফরম্যান্সে কিউইদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে হবে রেটিং পয়েন্ট হবে ৮৫।

বাংলাদেশের উপরে ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৮। 

তবে বাংলাদেশ যদি কিউইদের বিপক্ষে সিরিজটিতে হেরে যায়, তাহলে র‍্যাঙ্কিংয়ে কেমন প্রভাব পড়বে?

বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে হারে, তবু একটি রেটিং পয়েন্ট যোগ হবে। কিন্তু ৩-০ ব্যবধানে হেরে গেলে উল্টো এক রেটিং পয়েন্ট হারাবে মিরাজরা।

কিন্তু হোয়াইটওয়াশ হলেও র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার ঝুঁকি নেই বাংলাদেশের। তখন ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই থাকবে বাংলাদেশ। দশে থাকা ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট ৭৭।