ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গতকালকের ম্যাচ নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে ১৩ জন খেলিয়ে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ মুম্বাইয়ের বিরুদ্ধে। আইপিএলের ‘এল ক্লাসিকো’ খ্যাত এই ম্যাচে মুম্বাই ১০৩ রানে হেরে গেলেও সমালোচনা চলছে মুম্বাইয়ের পাওয়া বাড়তি সুবিধা নিয়ে।
কীভাবে চেন্নাইয়ের বিপক্ষে ১৩ ক্রিকেটার খেলিয়েছে মুম্বাই?
আইপিএলের নিয়ম অনুযায়ী ইমপ্যাক্ট সাব সহ মোট ১২ জন ক্রিকেটার খেলানো যায়। তবে গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ১৩ জন খেলিয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। মূলত চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় ফিল্ডিংয়ের সময় ক্যাচ নিয়ে গিয়ে চোট পান কিউই স্পিনার মিচেল স্যান্টনার। তার বদলে শার্দুল ঠাকুরকে নামায় মুম্বাই। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ৪ ওভার বোলিংও করেছেন স্যান্টনার।
ম্যাচে শার্দুল ঠাকুরকে ‘কনকাশন সাব’ হিসাবে শুধু ব্যাটিংয়ে নামায় মুম্বাই। আর তার আগে ইমপ্যাক্ট সাব হিসাবে আফগানিস্তানের স্পিনার আল্লা গজনফরের জায়গায় নামানো হয়েছিল ওপেনার দানিশ মালেওয়ারকে।
সবকিছু ঠিকই ছিল, তবে মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসের সময় টিভি ক্যামেরায় দেখা যায় মিচেল স্যান্টনার কাঁধে চোট দিয়ে আইসপ্যাক দিয়ে ড্রেসিংরুমে বসে আছেন। তখনই প্রশ্ন উঠে কনকাশন সাব হলে তো কেবল মাথায় বা গলাতে আঘাত পাওয়ার কথা। তাহলে কাঁধে আঘাত পেয়ে কীভাবে কনকাশন সাব হলেন এই স্পিনার?
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মুম্বাইকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন। আইপিএল কর্তৃপক্ষ কী মুম্বাইয়ের জন্য নিয়ম ভাঙল?
এসব প্রশ্ন যখন সামনে আসতে শুরু করে তখনই ম্যাচ শেষে কনকাশন সাবের ব্যাখ্যা দেন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে।
ম্যাচের পর বিতর্ক নিয়ে মুখ খুলে মুম্বাই কোচ জানান তাঁর দল নিয়মভঙ্গ করেনি। জয়াবর্ধনে তার ব্যাখ্যায় বলেছেন, ‘স্যান্টনারের কাঁধে লেগেছে ঠিকই। তবে তার আগে প্রথম মাথায় এবং গলায় আঘাত পেয়েছিল। প্যাভিলিয়নে ফিরে আসার পর ওর মাথা ঘুরছিল। ওকে শুইয়ে রাখা হয়। এটা ঠিক, স্যান্টনারের কাঁধে বরফ দেওয়া হচ্ছিল। পাশাপাশি ও স্বস্তি বোধ করছিল না। তাই ওকে স্ক্যান করানোর জন্য পাঠানো হয়।’
স্যান্টনারের আঘাত নিয়ে বিতর্কের জেরে মুম্বাই ১৩ ক্রিকেটার খেলালেও বড় ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে ২০৭ রানের করে চেন্নাই সুপার কিংস। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় মুম্বাই। ১০৩ রানের জয়ে পয়েন্ট তালিকায় ৭ ম্যাচে ৩ জয় নিয়ে ৫ নম্বরে চেন্নাই। অপরদিকে ৭ ম্যাচে ৫ হারে ৮ নম্বরে মুম্বাই।