প্রথম ওয়ানডেতে জয়ের পরও টানা দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশের মেয়েরা। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও এবার টি-টোয়েন্টির মিশনে নামছে নিগার সুলতানা জ্যোতিরা। সিলেটে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের দলে বড় কোনো পরিবর্তন না এলেও প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকবেন ওপেনার শারমিন সুলতানা।
২০১৭ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শারমিনের। এখন পর্যন্ত দেশের হয়ে কেবল ওয়ানডেতেই খেলেছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ সাড়ে ছয় বছর পর দলে ফেরেন এই ওপেনার।
বিশ্বকাপের বাছাই পর্বে নেপালে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা ফারজানা হক ছাড়া বাকি ১৪ জনই লঙ্কানদের বিপক্ষে দলে জায়গা ধরে রেখেছেন। তিন ম্যাচ সিরিজের জন্য স্ট্যান্ড বাই হিসেবে ৪ জনকে রেখেছে বিসিবি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল শুরু হবে প্রথম টি-টোয়েন্টি, ৩০ এপ্রিল দ্বিতীয় ও ২ মে হবে তৃতীয় ও শেষ ম্যাচ। সব ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। যদিও শুরুর দিকে সন্ধ্যা ৬ টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিরিজের সময়সূচি বদল করেছে বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, শারমিন সুলতানা, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন।
স্ট্যান্ড বাই: ফারজানা হক, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, তাজনেহার