১৬ বলে ৭ রানে ৫ উইকেট - আইপিএল ১৮ বছরে এমন কিছু দেখেনি

০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে। দলীয় ৭ রানে ২.৪ ওভারে প্যাভিলিয়নে ফিরেছেন ৫ ব্যাটসম্যান। আইপিএলের ১৮ বছরের ইতিহাসে  সবচেয়ে দ্রুত কোনো দলের ৫টি উইকেট হারানোর ঘটনা এটি।

দ্রুত উইকেট হারানো দিল্লিফ পাওয়ার প্লেতে ৬ উইকেটে স্কোরবোর্ডে মাত্র ১৩ রান। এমন কীর্তিও আইপিএলের ইতিহাসে জায়গা করেছে আরেকটি রেকর্ডে। পূর্ণ ২০ ওভারের আইপিল ম্যাচে পাওয়ার প্লেতে এটি সর্বনিম্ন রানের রেকর্ড। 

এর আগে পাওয়ার প্লেতে ২০০৯ সালে কেপটাউনে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ১৪ রান করেছিল। যা এতদিন ছিল সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর। 

এত লজ্জার রেকর্ডের মধ্যে দিল্লি ক্যাপিটালস অবশ্য আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন(৪৯) রানের রেকর্ড টপকে গিয়েছে।  

আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ভুবেনশ্বর কুমারের বলে শূন্য রানে ফিরেন ওপেনার সাহিল পারেখ। এরপর দ্বিতীয় ওভারে জস হ্যাজলউডের বলে ১ রান করে ফিরেন আগের ম্যাচে ৬৭ বলে ১৫২* রান করা লোকেশ রাহুল। 

ক্রিজে নেমে প্রথম বলেই ফিরেন সামির রিজভি, দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট নেন হ্যাজলউড। তৃতীয় ওভারে এসে ত্রিস্তান স্টাবস(৫) ও আকসার প্যাটেলকে(০) ফেরান ভুবেনশ্বর।  

২.৪ ওভারে ৫ উইকেট হারানো দিল্লি পরের ওভারে নিতিশ রানাকেও(১) হারায়।  

দ্রুত ৬ উইকেট হারানো দিল্লি শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায়। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক পুরেল। বেঙ্গালুরুর হয়ে ১২ রানে ৪ উইকেট নেন জস হ্যাজলউড, ৫ রানে ৩ উইকেট নেন ভুবেনশ্বর কুমার।