সরকারের কথা মেনেই সরে দাঁড়ালেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান

আগে থেকেই অনেকে ধারণা করেছিলেন, সরে যেতে পারেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। অবশেষে আজ তা-ই হলো। লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে নতুন প্রশাসনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানোর পরই এ সিদ্ধান্ত এসেছে। আজ মঙ্গলবার এক বিশেষ বৈঠকে নিজেদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।  

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা শেষে এই সিদ্ধান্তে (পদত্যাগ) পৌঁছেছেন তারা। তবে আগামীকাল বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কী ঘটতে পারে, সে বিষয়ে কমিটির সদস্যরা কিছু বলতে চাননি।

প্রেসিডেন্ট দিশানায়েকের পদত্যাগের আহ্বানের পরই বোর্ড সভাপতি সিলভা এই গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেন। এর আগে গত সপ্তাহে সিলভা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, এরপরই তার পদত্যাগের সম্ভাবনা আরও বেড়ে যায়।

চলতি বছরের মার্চের শুরু থেকেই খেলোয়াড়দের অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে শ্রীলঙ্কা দলের খারাপ পারফরম্যান্সের কারণে সরকার সিলভাকে অপসারণের বিষয়টি বিবেচনা করছিল।

সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে লঙ্কান ক্রিকেটের দায়িত্ব নেওয়ার জন্য সরকার ইতোমধ্যেই কিছু নাম চূড়ান্ত করেছে।

সিলভা প্রথম ২০১৯ সালে সদস্য ক্লাবগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে বোর্ডের সভাপতি নির্বাচিত হন এবং পরে ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিলভার পদত্যাগ নিয়ে আইসিসি এখনো প্রতিক্রিয়া এখনো জানায়নি। তবে ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী যখন সিলভাকে অপসারণ করেছিলেন, তখন আইসিসি দ্রুততম সময়ের মধ্যে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। যদিও পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় আইসিসি।