ঠিক যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। আগের ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন দুই ওপেনার। আগেরবার ৩১ রানের মধ্যে বিদায় নিয়েছিলেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসে অতদূর যেতেই পারলেন না। দুজনে বিদায় নিলেন ২৩ রানের মধ্যেই।
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে বাংলাদেশ তখন রীতিমতো বিপদে। ঠিক এবারও বিপদে ঢাল হয়ে দাঁড়ালেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে মুমিনুল হক টেস্টে টানা পঞ্চম ফিফটি তুলে নিয়ে বিদায় নিলেন। অন্যপ্রান্তে ৫৮ রানে অপাজিত থেকে দিন শেষ করলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত। তাতে বাংলাদেশ দিন শেষ করল ৩ উইকেটে ১৫২ রানে। চার দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১৭৯ রানে।
এতটুকু দেখে মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ উইকেটও তেমন হারায়নি, আবার স্কোরবোর্ডে রানের সংখ্যাও তেমন বাড়েনি। সেটা কীভাবে সম্ভব?
এর মূল কারণ বৃষ্টি। প্রথম সেশন শেষে দুদল যখন মধ্যাহ্নভোজে, মিরপুরের বৃষ্টি নামে জোরেশোরে। সে বৃষ্টিতে ভেস্তে যায় পুরো দ্বিতীয় সেশন। সে কারণে সারাদিনে আজ খেলা হয়েছে মোটে ৪৮.৪ ওভার। তাতে যেখানে ম্যাচ শেষ হয়েছে, তাতে টেস্টের ফল কী হবে, সেটা জানার জন্য শেষ দিন পর্যন্তই অপেক্ষায় থাকতে হচ্ছে।
আজ ৭ রানে দিন শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় স্কোরবোর্ডে আর মোটে ৮ রান যোগ হতেই। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউ হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন ৫ রান করা জয়।
সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেক ওপেনার সাদমানকেও হারায় বাংলাদেশ। এবার হাসান আলীর বলে সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন সাদমান।
দিনের ৯ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারানোর পর প্রথম সেশনে বাংলাদেশকে আর কোনো বিপদে পড়তে দেননি শান্ত-মুমিনুল। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটে ৯৩ রানে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ। এরপর মিরপুরে বৃষ্টি নামলে দুই ঘণ্টার বেশি বন্ধ থাকে ম্যাচ।
বৃষ্টির পর খেলা শুরু হলে টেস্টে টানা ৫ম ফিফটি তুলে নেন মুমিনুল। একটু পর ফিফটি আদায় করেন শান্তও। দুজনের তৃতীয় উইকেট জুটির রানও ১০০ পেরিয়ে যায়। কিন্তু জুটি আর বেশি দীর্ঘ হয়নি। ড্রিংকসের আগেই শাহিন আফ্রিদির বলে উইেকটর পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন মুমিনুল (১২০ বলে ৫ চারে ৫৬ রান)। তাতে শান্ত-মুমিনুলের জুটি থামে ১০৫ রানে।
এরপর দিনের শেষভাগটা মুশফিককে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন শান্ত। দিন শেষে শান্ত ১০৫ বলে ৬ চারে ৫৮ রানে অপরাজিত। আরেক প্রান্তে ১৬ রানে দিন শেষ করেছেন মুশফিক।