মিরপুরে যা কখনো হয়নি, সেটাই করতে হবে পাকিস্তানকে

নাজমুল হোসেন শান্ত যখন আজ মিরপুরে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করলেন, তখনও টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশন শেষ হতে ১৫ মিনিটের কিছু বেশি বাকি। ৯ উইকেটে ২৪০ রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করায় মিরপুর টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান!

টেস্টের দুই সেশনের বেশি বাকি থাকতে তিন শ-র কম রান লক্ষ্যে পাকিস্তানকে ইনিংস ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠতে থাকে, সিদ্ধান্তটা কি খুব বেশি সাহসী হয়ে গেল না? যেখানে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা গতকালই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২৬০ রানের মতো লক্ষ্য পেলেও জয়ের জন্য খেলবে পাকিস্তান।

তবে পাকিস্তান অধিনায়ক যতই আত্মবিশ্বাসী কণ্ঠে জয়ের কথা বলুক না কেন, মিরপুরের রেকর্ড বাংলাদেশের পক্ষেই আছে। বাংলাদেশের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য ছুঁতে গেলে যে নতুন করেই রেকর্ড লিখতে হবে সালমান আগাদের।

তা কি সেই রেকর্ড? মিরপুরের ইতিহাসে টেস্টের চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে শেষ ইনিংসে ১ উইকেটে ২০৯ রান করে ম্যাচ জিতে সেই রেকর্ডটা লিখেছিল ইংল্যান্ড।

টেস্টের চতুর্থ ইনিংসে রান সফল রান তাড়ার দ্বিতীয় রেকর্ডটি সাউথ আফ্রিকার দখলে। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ২০৫ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা।

যে মিরপুরে ২০১০ রানও তাড়া করার রেকর্ড নেই, সেখানে বাংলাদেশের ২৬৭ রান পেরিয়ে যাওয়া যে সহজ হবে না, সেটা সহজেই অনুমেয়।

এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রানে ব্যাটিং করছে পাকিস্তান। জিততে হলে আরও ২২৩ রান করতে হবে দলটিকে।