কনুই থেঁতলে গেছে লিটনের, রাখা হয়েছে পর্যবেক্ষণে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ইনিংসে বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৮ বলে ৩৪ রান করা লিটন দাস। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শুরু হতেই দেখা গেল, উইকেটের পেছনে নেই লিটন। তাঁর পরিবর্তে উইকেটকিপিং করছেন বদলি নামা জাকের আলী অনিক!

লিটনের শারীরিক অবস্থার আপডেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ডান কনুইয়ে চোট পেয়েছেন লিটন। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অবশ্য সাম্প্রতিক সময়ে চোট লিটন দাসের সঙ্গী হয়ে উঠেছে। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টেও সেটার দেখা মিলেছিল। এবারও লিটন দাসের ফিটনেস নিয়ে শঙ্কা ছিল, তবে শেষ পর্যন্ত প্রথম টেস্টের দলে ছিলেন তিনি। উইকেটে গিয়ে ৮৮ বল খেলেন। কিন্তু ব্যাটিংয়ের সময় লিটনের ডানহাতের কনুইয়ে অন্তত দুবার বল লেগেছে। এতে আঘাতপ্রাপ্ত জায়গা থেঁতলে গেছে। অবশ্য এই ধরণের চোটে বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় আঘাত পেয়ে লিটন দাসের ডান কনুইয়ে চোট লেগেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর বদলি উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক।’