মাথায় আঘাত পেয়ে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুমিনুল

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৭২ রান করার পর উইন্ডিজকে ২৪৫ রানে আটকে দিলেও দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। এর মধ্যেই আরো একটা দুঃসংবাদ পেয়েছে ফিল সিমন্সের দল। মাথায় আঘাত পেয়ে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। কনকাশন বদলি হিসেবে মুমিনুলের জায়গায় মাঠে নেমেছেন জাকের আলী অনিক।

মূলত উইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল। এ বিষয়ে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, মুমিনুলের মধ্যে কনকাশনের লক্ষণ দেখা যায়। এ কারণে ম্যাচের বাকি সময়ের জন্য মুমিনুলের বদলি হিসেবে জাকের আলীকে নেওয়া হয়েছে।

মুমিনুল যে শুধু মিরপুর টেস্টে খেলতে পারবেন না, ব্যাপারটা এমন নয়, এমনকি সিলেটেও মুমিনুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের কনকাশন বদলি নেওয়া হলে, মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার পরের সাত দিন খেলতে পারবেন না।