আফগানিস্তান প্রিমিয়ার লিগে সাকিব, ওয়াকার-আজহারদের দলে নাহিদ রানা

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা মার্ক বাউচার।

একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। ডানহাতি এই পেসার খেলবেন টিম পাকতিয়ার হয়ে। যেখানে মেন্টর হিসেবে থাকছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। আর প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ।

অন্যদিকে, বাংলাদেশের আরেক প্রতিনিধি শামীম হোসেনকে দলে নিয়েছে কাবুল। এই অলরাউন্ডারের মেন্টর হিসেবে থাকছেন ভারতের সাবেক তারকা নিখিল চোপড়া।

এবারের ড্রাফটে চার ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ডে পাঁচজন করে, গোল্ডে ১৩ এবং সিলভার ক্যাটাগরিতে রয়েছেন সাতজন।

ড্রাফটের আরও কয়েকটি ক্যাটাগরির নির্বাচন বাকি। সাকিব-নাহিদ-শামীমের সঙ্গে আফগান লিগে আরও বাংলাদেশির দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।