গুভমান গিলের মাথায় বিশেষ যন্ত্র, কি এই ‘টেম্পল’

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের পর থেকেই আলোচনায় গুভমান গিল। অনেকেই হয়ত ভাবছেন মাঠের পারফরম্যান্সের কারণে গিল আলোচনায়। আপনার ধারণা ভুল, গিল মূলত আলোচনায় একটি বিশেষ যন্ত্রের জন্য। ভারতের অধিনায়কের কপালের পাশে থাকা ছোট্ট একটি ডিভাইস।

যার নাম টেম্পল। এটি সাধারণ কোনো স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার নয়!

টেম্পল একটি পরিধানযোগ্য ডিভাইস, যা জুমেটোর সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি দল তৈরি করেছে। ডিভাইসটি কপালের পাশের অংশে, অর্থাৎ কানের ওপরের দিকে টেম্পল বা কপালের পাশের স্থানে পরতে হয়।

কিন্তু প্রশ্ন হলো, এটি আসলে কী কাজ করে?

টেম্পল মূলত কপালের পাশের অংশে লাগানো হয়। এতে রয়েছে বিশেষ অপটিক্যাল সেন্সর, যা মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন এবং অক্সিজেন সরবরাহের সঙ্গে সম্পর্কিত কিছু সংকেত পর্যবেক্ষণের চেষ্টা করে।

শুধু তাই নয়, এটি মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত শারীরিক পরিবর্তনও পর্যবেক্ষণ করতে পারে।

ভাবুন তো, একজন ব্যাটার যখন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রচণ্ড চাপের মধ্যে ব্যাট করছেন, তখন তাঁর শরীর ও মস্তিষ্ক কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেই সম্পর্কে তথ্য পাওয়া কতটা গুরুত্বপূর্ণ হতে পারে!

ক্রিকেটের মাঠে এটির ব্যবহার করতে এই প্রথম দেখা গেছে। এর আগে ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্দুকে এটি ব্যবহার করতে দেখা যায়।

তবে গিলের টেম্পলের ব্যবহারের পর প্রশ্ন উঠেছে, ক্রিকেট মাঠে কি এমন ডিভাইস ব্যবহার করা বৈধ?

আইসিসির নিয়ম অনুযায়ী, লাইভ ম্যাচে যোগাযোগ করতে পারে এমন ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ। তবে কোনো ডিভাইস যদি শুধু তথ্য সংগ্রহ করে এবং কোনো ধরনের তথ্য আদান-প্রদান না করে, তাহলে নির্দিষ্ট শর্তে সেটি ব্যবহারের অনুমতি থাকতে পারে।

টেম্পল শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি ক্রিকেটে ভবিষ্যত টেকনোলজি নিয়ে নতুন আলোচনারও জন্ম দিয়েছে।