ইনিংস হার এড়াতে পারবেন লিটন-মুশফিকরা? 

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন, তাঁর দল ভালো ভাবেই ম্যাচে আছে। কিন্তু একদিন পরই দৃশ্যপট বদলে গেল, হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আলোক স্বল্পতায় আগেই শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। 

বাংলাদেশ পিছিয়ে ৫৭ রানে, হাতে মাত্র ৫ উইকেট। ক্রিজে থাকা মুশফিক-লিটনই দলের শেষ ভরসা। স্কোর বোর্ডে কেবল মাত্র ১০০ রান।

অথচ দিনের শুরুতে বাংলাদেশ প্রত্যাশা করেছিল দ্রুত স্বাগতিকদের অলআউট করার। কিন্তু রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত ১১৭ রানের জুটিতে সব পরিকল্পনা ভেস্তে যায় বাংলাদেশের। 

রিকেলটনের ১০২ ও রাবাদার ৭২ রানের ইনিংসে ৫৫৭ রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা। দিনটা ১৪ রানে পিছিয়ে থেকে শুরু করলেও ১৫৭ রানের লিড পায় টেম্বা বাভুমার দল। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার আবারও ব্যর্থ। দলীয় ১২ রানেই ফিরেন ওপেনার তানজিদ তামিম(৪ রান) ও দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক(১)।

দলের বিপর্যয়ে হাল ধরতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ রান করে ফিরেছেন সাইমন হার্মারের স্পিনে। শান্ত দ্রুত বিদায় নিলেও আগের ইনিংসে ব্যর্থ ওপেনার মাহফিজুল রবিন খানিকটা আশার আলো দেখিয়েছেন। 

৯২ বল খেলে করেছেন ৩২ রান। যদিও আক্ষেপ নিয়ে সাইমন হার্মারের বলে বোল্ড হয়ে ফিরেছেন। 

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ও সুবিধা করতে পারেননি। ২৩ রান করে ফিরেছেন রাবাদার বলে। ৮৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের দিনটা শেষ হয়েছে আগে ভাগেই। আলোক স্বল্পতায় মাঠে গড়ায়নি ২৮ ওভারের খেলা। 

ক্রিজে ১২ রান ও ৫ রান করে আছেন লিটন ও মুশফিক।