ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-নেপাল। আগামী বছরের ৩ জুন নেপালের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচে মাঠে নামবে টাইগাররা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ম্যাচটির ঘোষণা দিয়েছে।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এই ম্যাচ দিয়ে একটি ইতিহাস গড়তে যাচ্ছে। একই দিন লর্ডসে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ভেন্যুটির ইতিহাসে প্রথমবার একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হতে যাচ্ছে।
আগামী বছর বাংলাদেশের জন্য লর্ডস সফরটি আরও বিশেষ হতে যাচ্ছে। ১৭ বছর পর আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে ঐতিহাসিক এই মাঠে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। এরপর ৩ জুন নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এমসিসির আয়োজনে ইংল্যান্ড সফরে নেপাল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও ম্যাচ খেলবে। তবে সফরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে ৩ জুন লর্ডসে বাংলাদেশ-নেপালের টি-টোয়েন্টি লড়াই।