তাড়াহুড়ো করতে গিয়েই ভুল করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা: সহকারী কোচ

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য ছিল একেবারে হতাশাজনক। বৃষ্টিভেজা দিনে টেনে টুনে মোটে দুই সেশনের মতো খেলা হয়েছে। সেখানে প্রথম ইনিংসে মোটে ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১ উইকেটে ৮৮ রান তুলে দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা।

এমন হতশ্রী দিন কাটানোর পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উপস্থিত হয়েছিলেন দলের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা। তিনি জানিয়েছেন, তাড়াহুড়ো করতে গিয়েই ভুল করেছে বাংলাদেশ।

বাংলাদেশের সহকারী কোচের ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকা আমাদের অনেক চাপ দিচ্ছে, এর ফলেই ভুলগুলো হচ্ছে। এজন্য আমরা প্লেয়ারদের সাথে মানসিক দিক নিয়ে কাজ করছি। ব্যাট হাতে আমরা অনেক তাড়াহুড়া করতে গিয়েছি, সেখানেই ভুলগুলো হয়ে গেছে। আমরা এসব নিয়ে কাজ করে যাচ্ছি, ভুল খুঁজে বের করে যাচ্ছি এবং আশা করছি একটা সমাধান বের করে ফেলতে পারব।’

দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে মাকেতা আরও বলেন, ‘আসলে অনেক হতাশাজনক দিন ছিল আমাদের জন্য। স্কোরকার্ড দেখলেই বোঝা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক, কিছু সফট ডিসমিসাল ছিল। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না। প্রথম টেস্টে আমরা দারুণ প্রস্তুতি নিয়ে এসেছিলাম। সবাই ভালো খেলেছিল। সবাই অনেক নিবেদন দেখিয়েছিল, আমাদেরও ভালো লেগেছে। সেখান থেকেই আগাতে চেয়েছিলাম। এমন কিছু চাইনি অবশ্যই। এমন উইকেটে আমাদেরকে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

এছাড়া সেঞ্চুরিয়নে আগে যে ব্যাটিং করতে হবে, সেই মানসিক প্রস্তুতিও ছিল না বাংলাদেশের, এমনটাই ইঙ্গিত মিলেছে মাকেতার কথায়। বাংলাদেশের সহকারী কোচের ভাষায়, ‘বাংলাদেশ আসলে এখানে (সেঞ্চুরিয়নে) অত বেশি টেস্ট ক্রিকেট খেলেনি। এখানে এত দেরিতে টস হওয়ার পর ব্যাটিংয়ে নামতে হয়েছে। আমার মনে হয় মানসিকভাবে ব্যাপারটার জন্য আমার প্রস্তুত ছিলাম না, কিছুটা পিছিয়ে ছিলাম। এসবেরই খেসারত দিতে হয়েছে। ব্যাপারটা অনেক হতাশাজনক।’