বাংলাদেশকে অচেনা স্বাদ দিলেন সেঞ্চুরিতে ইতিহাস গড়া ফারজানা

ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজটা কত কারণেই না বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে ঐতিহাসিক হয়ে থাকছে! প্রথমবারের মতো ভারতকে ওয়ানডেতে হারানো, শেষ পর্যন্ত সিরিজ ড্র করার পথে তৃতীয় ম্যাচে মহানাটকীয় টাই এবং তার মধ্যেই ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের মেজাজ হারানো…।

এত কিছুর মধ্যেই বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের ইতিহাসে একটা পাতা রাঙিয়েছেন ফারজানা হক পিংকি – তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ১০৭ রান করেছেন পিংকি, তাতে বনে গেছেন বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান।

সিরিজ শেষে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে অচেনা একটা স্বাদ উপহার দিয়েছেন পিংকি। ১১ ধাপ এগিয়ে মেয়েদের ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন ৩০ বছর বয়সী পিংকি – এই প্রথম বাংলাদেশের কোনো মেয়ের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা বিশে ওঠা। এর আগে বাংলাদেশের কোনো মেয়ের সর্বোচ্চ অবস্থান ছিল ২৫ – ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সে অবস্থানে উঠেছিলেন রুমানা আহমেদ।  

আরও অর্জন আছে পিংকির। এই মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৫৬৫, যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ।

নাহিদা আক্তার বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম, ওয়ানডেতে যা বাংলাদেশের কোনো মেয়ের সেরা র‍্যাঙ্কিং। ছবি: বিসিবি

শুধু ব্যাটিং কেন, বোলিংয়েও তো একটা অর্জন হয়েছে বাংলাদেশের মেয়েদের। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরেই – বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো মেয়ের সেরা অবস্থান। সেরা বিশে অবশ্য নাহিদাই প্রথম নন। গত বছরের ডিসেম্বরে ২০তম অবস্থানে উঠেছিলেন সালমা খাতুন।

বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন সুলতানা খাতুন (২১ ধাপ এগিয়ে ৫৭তম) এবং রাবেয়া খানও (৬০ ধাপ এগিয়ে ৬৩তম)।

মেয়েদের ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও বদল হয়েছে। র‍্যাঙ্কিং শীর্ষে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রানের বান ছোটানো ইংল্যান্ড তারকা ব্যাটার নাটালি শিভার-ব্রান্ট। এ মাসের শুরুতে প্রথম শ্রীলঙ্কান মেয়ে হিসেবে র‍্যাঙ্কিং শীর্ষে উঠেছিলেন চামারি আতাপাত্তু, তিনি এখন দুই নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডেরই সোফি একলস্টোন। ব্যাটারদের মতো অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও ইংল্যান্ডের নাটালি শিভার ব্রান্ট।