পূজার কারণে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলাতে পারে

বহু হিসেব করে ওয়ানডে বিশ্বকাপের সূচি বানানো হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি দ্বিতীয় সপ্তাহের শুরুতেই রেখেছিল আয়োজক ভারত। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু সে ম্যাচের সূচি বদলে যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের দিনই নবরাত্রি পূজা। এ কারণে নিরাপত্তা এজেন্সিগুলো সূচি বদলের পরামর্শ দিয়েছে। যদি সূচি আসলেই বদলে যায়, তাহলে প্রায় এক লাখ দর্শক ঝামেলায় পড়ে যাবেন। কারণ, সূচি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এ ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। এরই মধ্যে আহমেদাবাদের অনেক হোটেলের রুম বুকিং দেওয়াও হয়ে গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন , ‘আমরা হাতে থাকা বিকল্প নিয়ে ভাবছি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা এজেন্সিগুলো আমাদের বলেছে, ভারত-পাকিস্তান ম্যাচের কারণে হাজার হাজার সমর্থক আহমেদাবাদে হাজির হবেন, এটা যেন এড়ানোর চেষ্টা করা হয়। কারণ, নবরাত্রির জন্য এমনিতেই নিরাপত্তা বাহিনীর ওপর অনেক চাপ যাবে।’

বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ ছাড়া ক্রিকেটের সবচেয়ে বড় দুই লড়াই– ভারত-পাকিস্তান ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল।

আহমেদাবাদের অধিকাংশ হোটেল এরই মধ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ের জন্য বুকিং হয়ে গেছে। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলে গেলে পুরো ব্যাপারটা গোলমেলে হয়ে উঠবে।

এদিকে গতকাল বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়া অ্যাসোসিয়েশনগুলোকে আগামী ২৭ জুলাই এক মিটিংয়ে ডেকেছেন বিসিসিআই সচিব জয় শাহ। চিঠিতে আহমেদাবাদের ওই ম্যাচ নিয়ে নিরাপত্তা শঙ্কা ও ম্যাচের নতুন দিন তারিখ আয়োজন নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, ‘আমার মনে হচ্ছে সবার ভালোর জন্যই আমাদের আবার বসা উচিত এবং কোনো বিষয়ে আলোচনা করার থাকলে তা করা দরকার। এ কারণে আপনাদের সবাইকে বিশ্বকাপ আয়োজনের অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।’