নতুন বিশ্বকাপ সূচিতে ৭ দিনে তিন ম্যাচ বাংলাদেশের

পাকিস্তানের দুটি ম্যাচ নিয়েই বেশি আলোচনা হচ্ছিল। তিনটি ক্রিকেট বোর্ডও তাদের ম্যাচের সূচি নিয়ে নাকি আপত্তি জানিয়েছিল। সে বোর্ডগুলোর মধ্যে বাংলাদেশ ছিল, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু আজ প্রকাশিত নতুন সূচিতে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও বদল এসেছে।

যে ম্যাচ নিয়ে সূচি পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে, সেই ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর নেওয়া হয়েছে। ১২ অক্টোবরের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচও দুই দিন এগিয়ে ১০ অক্টোবরে নেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ১৩ অক্টোবরের সে ম্যাচ এখন হবে ১২ অক্টোবর।

ওদিকে আগের সূচিতে ১৪ অক্টোবর যে ম্যাচ হওয়ার কথা ছিল, ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার সে ম্যাচ এখন হবে ১৫ অক্টোবর।

আবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ এগিয়ে ১৩ অক্টোবর আনা হয়েছে। ফলে ৭ দিনের মধ্যে বাংলাদেশকে তিনটি ম্যাচ খেলতে হবে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ৭ ও ১০ অক্টোবরের ম্যাচ দুটি ধর্মশালায় হলেও ১৩ অক্টোবরের ম্যাচ চেন্নাই। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মাঝে মাত্র দুই দিনের বিরতি পাচ্ছে বাংলাদেশ। আর সে বিরতি শেষে ২ হাজার ৬০০ কিলোমিটার দূরের এক ভেন্যুতে খেলতে হবে সাকিবদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এখন দিবা-রাত্রির ম্যাচ, ওদিকে ইংল্যান্ডের ম্যাচটি বদলে এখন সকালে শুরু হবে।

কালীপূজার কারণে ১২ নভেম্বরের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটিও এগিয়ে ১১ নভেম্বর নেওয়া হয়েছে। ১১ নভেম্বর নেদারল্যান্ডস ও ভারতের মধ্যকার ম্যাচ পিছিয়ে ১২ নভেম্বর নেওয়া হয়েছে।