বিশ্বকাপের সূচি নিয়ে ভারতকে খোঁটা পাকিস্তানের

বিশ্বকাপের সূচি নিয়ে মহাবিপদে পড়েছে ভারত। এমনিতেই এবার সূচি দিতে দেরি হয়েছে। সে সূচি নিয়েও ঝামেলা হচ্ছে প্রতিনিয়ত। এক সপ্তাহ আগে গ্রুপপর্বের ৪৫ ম্যাচের ৯টিরই সূচি বদলাতে হয়েছে ভারতকে। নতুন করে আরেকটি ম্যাচের সূচি পরিবর্তনের প্রস্তাব এসেছে।

চিরপ্রতিদ্বন্দ্বীরা যখন সূচি নিয়ে নাজেহাল হচ্ছে, তখন পাকিস্তান আর চুপ থাকবে কেন? পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান এ সুযোগে খোঁটা দিয়েছেন ভারতকে।

প্রথমে নবরাত্রি পূজার কারণে ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সূচি নিয়ে আলোচনা হয়। নিরাপত্তা ইসুতে সে ম্যাচের দিন পাল্টানোর অনুরোধ জানায় আহমেদাবাদ পুলিশ। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দাবি করেছিল, পূজার কারণে নয়, বিভিন্ন বোর্ড খেলার মাঝের বিরতিগুলোতে স্মঞ্জস্য আনতেই বলাতেই তারা সূচি বদলাচ্ছে।

এর মধ্যেই পাকিস্তানের আরেকটি ম্যাচের সূচিতেও নিরাপত্তা ইস্যু তৈরি হয়। ১২ নভেম্বরে ইডেন গার্ডেনে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল। সেদিন আবার কালীপূজা। এ কারণে, এ ম্যাচের সূচিও বদলানোর অনুরোধ করে কলকাতা পুলিশ। বিসিসিআই ও আইসিসি তাই মোট ৯টি ম্যাচের সূচি বদলেছে।

সূচি বদলেও সমস্যার সমাধান পুরোপুরি করতে পারেনি বিসিসিআই। এখন সমস্যা দেখা দিয়েছে হায়দরাবাদের দুটি ম্যাচ নিয়ে আগামী ৯ ও ১০ অক্টোবর টানা দুটি ম্যাচ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে ১০ অক্টোবরের ম্যাচটি আগের সূচিতে ১২ অক্টোবর ছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে আনায়, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দুইদিন পেছানো হয়েছে।

এদিকে পাকিস্তানের ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। টানা দুইদিন একই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করলে, তা রাজ্যের পুলিশের ওপর চাপ সৃষ্টি করবে। এ কারণে রাজ্য পুলিশ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শঙ্কার কথা জানিয়েছে। হায়দরাবাদও তা বিসিসিআইকে জানিয়েছে।

এমন টানাপোড়নে মজা পাচ্ছেন নাজাম শেঠী। কিছুদিন আগেও পিসিবির চেয়ারম্যানের ভূমিকায় থাক এই সাবেক কর্মকর্তা টুইটে তাই খোঁটা দিয়েছেন, ‘বিসিসিআইয়ের উচিত ছিল আমার পরামর্শ মেনে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা।’ একটি হাসির ইমোটিকন যোগ করে শেঠী আরও লিখেছেন, ‘এখন কিছুদিন পর সূচি বদলানোর আসছ, বিশাল ঝামেলায় পড়ে গেছে।’