অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। তার আগেই অবশ্য এশিয়ার দলগুলোর সামনে মহাদেশের সেরা হওয়ার সুযোগ। আগামী ৩০ তারিখ থেকে এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামছে এশিয়ার দলগুলো। লড়বে বাংলাদেশও। এশিয়া কাপকে সামনে রেখে আজ আয়োজিত হয়েছে সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
দলের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট মনে হলো হাথুরুসিংহেকে, ‘প্রস্তুতি নিয়ে আমি আসলে অনেক, অনেক বেশি খুশি। ফিটনেস ও মেডিক্যাল নিয়ে শুরুতে কাজ করেছি আমরা। এরপর সাত দিন যাবত খেলোয়াড়দের নিজ নিজ স্কিলের উন্নতির জন্য কাজ করেছি। এরপর খেলোয়াড়দের নিজ নিজ ভূমিকা ও কৌশলগত দিকগুলো নিয়ে কাজ করেছি। শেষ পাঁচ দিন আলাদা আলাদাভাবে খেলোয়াড়েরা নিজেদের নিয়ে কাজ করেছে।’
শেষে খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি ম্যাচেরও আয়োজন করেছিলেন হাথুরুসিংহে। সে ম্যাচে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা দেখেও মুগ্ধ হয়েছেন এই লঙ্কান কোচ, ‘শুধু তাই নয়, প্রথমবারের মতো আমরা প্রস্তুতি ম্যাচও খেলেছি। এর আগে আমি অন্যান্য অনেক দেশে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছি। এমন পরিস্থিতিতে সাধারণত খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চটুকু পাওয়া যায় না। কিন্তু এবার তেমনটা হয়নি। খেলোয়াড়েরা একদম শেষ বল পর্যন্ত লড়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি ওদের থামতে না বলেছি। তাই আমি ওই ব্যাপারটা নিয়েও অনেক খুশি।’