১৯ বার বলে পা ছুঁইয়েই ‘মিনিমালিস্ট’ হলান্ডের ৩ গোল, ১ অ্যাসিস্ট

গত কয়েক বছরে ‘মিনিমালিজম’ শব্দটা বেশ জনপ্রিয়তা পাচ্ছে বটে। বিশ্বজুড়ে ভোগবাদ ও অপচয়ের বিপরীতে অনেকটা নীরব আন্দোলনের মতো করেই ধারণাটা ছড়িয়ে দেয়ার চেষ্টা আর কী! ধারণাটা অনেকটা এই, যত কম সম্ভব সম্পদ ব্যবহার করে কাজ উদ্ধার করে নেয়া। অল্পেই যদি কাজ হয়, বেশির দরকার কী!  

তা মিনিমালিজমের ধারণা ছড়িয়ে দিতে ফুটবল থেকে যদি কাউকে আন্দোলনে ‘ফেইস’ হিসেবে কাজে লাগাতে হয়, তাহলে আর্লিং হলান্ডকেই বেছে নেয়া যায়। ম্যানচেস্টার সিটির নরওয়েইজিয়ান স্ট্রাইকারকে দেখে মনে হতে বাধ্য যে – যদি বলে পা না ছুঁইয়েই গোল-হ্যাটট্রিক করা সম্ভব হতো, তিনি তা-ই করতেন! ভাবখানা এই, তাঁর কাজ গোল করা, বলে এত স্পর্শ করে সময় নষ্ট করার দরকার কী!  

আজ ফুলহ্যামের বিপক্ষেই তাঁর পারফরম্যান্স দেখুন না‍! নিজেদের মাঠে গার্দিওলার সিটি ম্যাচটা জিতেছে ৫-১ গোলে। তাতে হলান্ডের অবদান? মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিকটা করে ফেলেছেন হলান্ড, আরেকটি গোলও করিয়েছেন। সে পথে পুরো ম্যাচে তিনি বলে স্পর্শ করেছেন মাত্র ১৯ বার! সতীর্থদের উদ্দেশে পাস দিয়েছেন মোটে ৬টি! গার্দিওলার বল দখলে রাখার কৌশলের ১৮০ ডিগ্রি বিপরীতে যেন হলান্ডের অবস্থান।

৩১ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যায় সিটি, সে গোলটি এসেছে আবার হলান্ডের পাসে। দুই মিনিট পর টিম রিমের গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। কিন্তু বিরতির আগে নাথান আকের গোলে আবার এগিয়ে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে হলান্ড দেখা দিলেন খুনে রূপে! ৫৮ মিনিটে আলভারেসের পাস আটকাতে গিয়ে উল্টো হলান্ডের দৌড়ের পথেই এগিয়ে দিলেন ফুলহ্যামের টিম রিম, তা ধরে সহজে গোল করে বেরিয়ে এলেন হলান্ড। ৭০ মিনিটে হলান্ডের দ্বিতীয় গোলটি এল পেনাল্টি থেকে। বক্সে আলভারেসকে ফুলহ্যামের দিওপ ফেলে দিলে পেনাল্টি পায় সিটি, গত সপ্তাহে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলান্ড এবার গোলা মারলেন জালে!

এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এসে গেল হলান্ডের মাহেন্দ্রক্ষণ। গত পরশু উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা হলান্ড উদ্‌যাপন করলেন হ্যাটট্রিক দিয়ে। বাঁ দিক থেকে সের্হি গোমেসের কাটব্যাক যখন এল, ফুলহ্যামের পেনাল্টি বক্সে ফাঁকায় দাঁড়িয়ে হলান্ড! ফল তো একটাই – গোল! হয়ে গেল সিটির জার্সিতে লিগে তাঁর পঞ্চম হ্যাটট্রিক! লিগে সিটির জার্সিতে এটি ছিল তাঁর ৪০তম ম্যাচ!

এই হ্যাটট্রিকে রেকর্ড আর কীর্তিতে ভেসে গেলেন হলান্ড। সিটির জার্সিতে তাঁর ৫ হ্যাটট্রিক গত মৌসুমে হলান্ড সিটিতে যোগ দেয়ার পর থেকে লিগের অন্য সব খেলোয়াড়ের সম্মিলিত হ্যাটট্রিকের সমান! প্রিমিয়ার লিগের ইতিহাসেই হলান্ডের চেয়ে বেশি হ্যাটট্রিক আছে শুধু ৮ জনের! অথচ হলান্ড প্রিমিয়ার লিগে এসেছেনই মাত্র এক মৌসুম আর ৪ ম্যাচ হলো!

তিন গোল আর এক অ্যাসিস্ট মিলিয়ে সিটির জার্সিতে লিগে হলান্ডের গোলে অবদান দাঁড়াল ৫১টিতে। প্রিমিয়ার লিগে এত কম ম্যাচে ৫০ গোলে অবদান রাখার রেকর্ড নেই আর কারও!

অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরে গেছে চেলসি।