৫ গোলে জিতে রোনালদো-ফাতিকে বেতিসের খেলোয়াড় বানিয়ে দিল বার্সেলোনা!

সময়টা দুর্দান্ত কাটছে বার্সেলোনার। গত রাতে স্প্যানিশ লিগের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল বেতিসকে ৫-০ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি, স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস, ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ও দলে নতুন আসা দুই পর্তুগিজ জোয়াও কানসেলো আর জোয়াও ফেলিক্স। এই জয়ের মাধ্যমে চিররপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। তবে রেয়াল যদি সোসিয়েদাদের বিপক্ষে হাতে থাকা ম্যাচটা জিতে যায়, তাহলে আবারও বার্সার কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নেবে তারা।  

অসাধারণ জয় পাওয়ার রাতে সম্পূর্ণ উটকো এক কারণে আলোচনায় এসেছে বার্সেলোনা। জেতার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের স্কোরলাইন জানিয়ে একটা ছবি পোস্ট করেছে কাতালান ক্লাবটা। সেখানেই ঘটেছে বিপত্তি। স্কোরলাইনের জায়গায় ৫-০ দেখা গেলেও, বেতিসের ‘গোলদাতা’ হিসেবে দুজন খেলোয়াড়ের নাম লিখে রেখেছে বার্সেলোনা। তাও আবার যেমন-তেমন কোনো খেলোয়াড় নয় – চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর নিজেদেরই খেলোয়াড় আনসু ফাতির নাম বেতিসের গোলদাতার জায়গায় লিখে রেখেছে! সেখানে দেখা যাচ্ছে, বেতিসের হয়ে ৫৫ মিনিটে গোল করেছেন ফাতি, আর তার ঠিক এক মিনিট পরেই গোল পেয়েছেন রোনালদো!

এই সেই ছবি! ছবি : ফেইসবুক

ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে পোস্টটা মুছে দিলেও, ফেইসবুক পেইজ থেকে পোস্টটা এখনও মোছেনি বার্সেলোনা। কেন মোছেনি, তারাই বলতে পারবে। হয়তো নিজেদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ‘স্পটিফাই’-য়ের ‘পেইড পার্টনারশিপ’ বিভাগে ছবিটা পোস্ট করা হয়েছে বলে এখনও ছবিটা মুছে দেয়নি তারা!

রোনালদো এখন আর রেয়ালে নেই, ইউভেন্তুস-ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে এখন পাড়ি জমিয়েছেন সৌদি আরবের আল নাসরে। ওদিকে আনসু ফাতি বার্সেলোনায় সুযোগ না পেয়ে ধারে নাম লিখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে। অর্থাৎ দুজন এখন স্পেনেই খেলেন না!

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল হাস্যরসের সৃষ্টি করেছে এই পোস্ট।