বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে রিয়ালের মূল দলে নাম লেখানো তাঁর। কিন্তু কখনও রোনালদো, বেনজেমা, বেল কিংবা হিগুয়েইনদের দাপটে রেয়াল মাদ্রিদের মূল স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। মাদ্রিদে সুযোগ না পেয়ে খেলে এসেছেন ইউভেন্তুস, চেলসির মতো ক্লাবগুলোতে। শেষমেশ ঠাঁই হয়েছে আতলেতিকোতে।
হ্যাঁ, আলভারো মোরাতার কথাই বলা হচ্ছে। এককালে মাদ্রিদে ‘অনাদরে’ পড়ে থাকা ছেলেটাই শেষ করেছে লস ব্লাঙ্কোসদের অপরাজিত থাকার রেকর্ড। লিগে এ মৌসুমে টানা পাঁচ ম্যাচ জিতেছিল তারা, গত রাতে আতলেতিকো তাঁদের ৩-১ গোলে হারিয়ে ভেঙে দিয়ে সেই রেকর্ড। জোড়া গোল করেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার, বাকি গোলটা ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমানের।
ম্যাচের চার মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। ব্রাজিলিয়ান উইঙ্গার সামুয়েল লিনোর ক্রসে হেড করে প্রথম গোলটা করেন মোরাতা। ১৮ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ৩৫ মিনিটে টনি ক্রুসের কারণে এক গোল শোধ করলেও রিয়ালের সান্ত্বনা অতটুকুই। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ব্যবধান আবারও দুইয়ে নিয়ে যান মোরাতা।
আগের ম্যাচগুলোতে রিয়ালকে উদ্ধার করা ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম এ ম্যাচে তেমন কিছুই করতে পারেননি। উলটো হলুদ কার্ড খেয়েছেন, ক্যারিয়ারের প্রথম মাদ্রিদ ডার্বি কাটিয়েছেন ভুলে যাওয়ার মতো।
কালকের আগে ১৪ মাদ্রিদ ডার্বির মধ্যে মাত্র একটায় জিতেছিল আতলেতিকো। মোরাতার কারণে রেকর্ডটা ভদ্রস্থ হল খানিক!