এর মধ্যেই তিনটা লিগ ম্যাচে হলুদ কার্ড দেখে ফেলেছেন, তাই আজকে ‘নিষেধাজ্ঞা’র খড়্গ ছিল কপালে। পেপ গার্দিওলাকে তাই ডাগআউটে দেখা যায়নি। নিয়মিত নব্বই মিনিট ধরে কোচের মন্ত্রণা শুনতে পাচ্ছিলেন না দেখেই কি না, আজ বড্ড নির্বিষ ছিলেন হলান্ড-ফোডেনরা। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে উলভারহ্যাম্পটন। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেও সিটিকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস।
ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় উলভস। মাঠের ডানদিকে সাইডলাইন বরাবর বল পেয়ে পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো গতির খেলায় পরাস্ত করেন ডাচ ডিফেন্ডার নাথান আকে-কে। বক্সে ঢুকে গিয়ে দুরূহ এক কোণ থেকে শট নিলে স্বদেশি ডিফেন্ডার রুবেন দিয়াসের পায়ে লেগে বল জড়ায় জালে। প্রথমার্ধে সিটি তেমন কিছুই করতে পারেনি, নতুন আসা উইঙ্গার জেরেমি দোকু যা একটু ‘কষ্ট’ দিতে পেরেছেন সিটির রক্ষণকে, ঐটুকুই। সিটির নতুন দুই মিডফিল্ডার ম্যাথিউস নুনেস আর মাতেও কোভাচিচ খেলার গতি নিজেদের পক্ষে নিয়ন্ত্রণই করতে পারছিলেন না।
দ্বিতীয়ার্ধে নুনেসকে সরিয়ে তরুণ উইঙ্গার অস্কার ববকে নামানো হলে সিটির আক্রমণে ধার বাড়ে। ৫৮ মিনিটে বক্সের একটু বাইরে এই ববই সিটিকে ফ্রি-কিক এনে দেন, সেখান থেকে দুর্দান্ত এক শটে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। ব্যস, সিটির আনন্দ ওইখানেই শেষ।
আট মিনিট পর দুর্দান্ত এক প্রতি আক্রমণে উলভসকে আবারও এগিয়ে দেন কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি-চান। মজার ব্যাপার হলো, এই হি-চান আর আর্লিং হলান্ড কয়েক বছর আগেও রেড বুল সালজবুর্গের হয়ে খেলতেন একসঙ্গে। আজ তারকা বন্ধুকে হারের তিক্ত স্বাদ এনে দিয়ে তারকা হওয়ার স্বাদ পেয়েছেন হি-চানই।
আর্সেনাল অবশ্য হেসেখেলেই জিতেছে। বোর্নমাউথকে ৪-০ গোলে হারানোর পথে গোল করেছেন ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা, দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড, জার্মান ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ ও রাইটব্যাক বেন হোয়াইট। প্রতিবেশীদের মতো হারের যন্ত্রণায় ভুগেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে তারা, গোল পেয়েছেন প্যালেসের ড্যানিশ সেন্টারব্যাক জোয়াখিম অ্যান্ডারসেন।