চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র হয়ে গেল কিছুক্ষণ আগে। সুইজারল্যান্ডের নিয়নে হয়ে যাওয়া সেই ড্রয়ের পর বড় দলগুলোর কোনোটিই কি খুব বেশি বিমর্ষ থাকবে? সবচেয়ে কঠিন ম্যাচটা কার পড়ল, সে হিসেব কষতে গিয়ে যে গলদঘর্ম হতে হচ্ছে! কাগজে-কলমে এক ইন্তের মিলান-আতলেতিকো মাদ্রিদ ছাড়া কোনো বড় দলের ম্যাচই তো তেমন কঠিন মনে হবে না।
গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কোপেনহেগেনকে। এ ম্যাচে সিটির হেসেখেলেই জেতার কথা। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সেরা দল রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লাইপজিগ। জার্মানির ক্লাবটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, তবে মাদ্রিদের সামনে তা খুব বেশি কঠিন হবে কী?
বার্সেলোনা পেয়েছে নাপোলিকে, কাগজে-কলমে ম্যাচটা কঠিন মনে হতে পারে। তবে গত মৌসুমে ইতালিতে আলো ছড়ানো নাপোলি আর এই মৌসুমের নাপোলি তো এক নয়! গত মৌসুমে লুসিয়ানো স্পালেত্তির অধীনে নাপোলি ছিল অনেকটা অপ্রতিরোধ্য, এই মৌসুমে রুদি গার্সিয়ার অধীনে ধুঁকছিল বলে সাবেক কোচ ওয়ালতার মাসসারিকে ফিরিয়েছে নাপোলি। তাঁর অধীনে লিগে চার ম্যাচে দুই জয় দুই হার নিয়ে নাপোলি এই মূহূর্তে ইতালিয়ান লিগে পঞ্চম, ১৬ ম্যাচ পরই শীর্ষে থাকা ইন্তের মিলানের চেয়ে পিছিয়ে ১৪ পয়েন্টে!
পিএসজি পেয়েছে রেয়াল সোসিয়েদাদকে, আর্সেনালের প্রতিপক্ষ পোর্তো। ধারে-ভারে কোনোটিই জিভে জল আনার মতো ম্যাচ নয়। জার্মানির বড় দুই ক্লাবের মধ্যে বরুসিয়া ডর্টমুন্ড পেয়েছে পিএসভি আইন্দহফেনকে, বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাৎসিও।
শুধু গত মৌসুমের রানার্সআপ ইন্তের মিলানের প্রতিপক্ষই যা কঠিন। ২০২৩-এর শুরু থেকে নিজেদের নতুন করে খুঁজে পাওয়া আতলেতিকো মাদ্রিদ।
শেষ ষোলোর ম্যাচের অবশ্য অনেক দেরি। আগামী ১৩-১৪ ও ২০-২১ ফেব্রুয়ারি হবে শেষ ষোলোর প্রথম লেগ, দ্বিতীয় লেগ ৫-৬ ও ১২-১৩ মার্চ।