১০০ দিন। ০৭/১০। লেখার সঙ্গে ‘স্টার অব ডেভিড’ চিহ্ন, যেটি ইহুদি জাতীয়তার প্রতীক।
বাম কবজির বন্ধনীতে লেখা ছিল শব্দগুলো। গোলের উদ্যাপনে ক্যামেরার সামনে ওই বার্তাই তুলে ধরেছিলেন গোলদাতা শেগিভ জেহেজিকেল। তাঁর জাতীয়তা যেহেতু ইসরায়েলি, লেখাটার মর্মোদ্ধারে খুব বেশি কসরত করতে হয়নি।
ধরে নেওয়া হয়, ইসরায়েল-হামাস যুদ্ধের ১০০ দিনের কথা বলেছেন জেহেজিকেল। আর ০৭/১০ তো আরও সহজ – অক্টোবরের ৭ তারিখ, যে দিনে সবাইকে চমকে দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। সেদিন ১১৪০ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন, হামাস আটক করেছে আরও ২৫০ জনকে। কিন্তু এর জবাবে ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি! সেই ইসরায়েলের মানুষই ‘অপরাধে’র শিকার দাবি করে আটক ইসরায়েলিদের মুক্তি দাবি করেছেন জেহেজিকেল, এমনটাই মনে করা হচ্ছে।
গতকাল তুরস্কের ফুটবলের সর্বোচ্চ স্তর সুপার লিগের ঘটনা এটি। জেহেজিকেলের দল আন্তালিয়াস্পরের মাঠে খেলতে গিয়েছিল ত্রাবজনস্পর, ১-১ ড্র ম্যাচে দলকে সমতায় ফেরানো গোলটি করে কবজির বন্ধনীর ওই লেখার দিকে ইঙ্গিত করেন জেহেজিকেল।
ফিলিস্তিনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এই বার্তা ছড়ানোর মূল্যই এখন দিতে হচ্ছে ২৮ বছর ইসরায়েলি রাইটব্যাককে। তাঁকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়েছিল, তবে পরে জানা গেছে, আসলে ব্যাপারটা তেমন নয়। তুরস্কের বিচারমন্ত্রী ইসরায়েল তুঙ্ক বলেছিলেন, জেহেজিকেল বিদ্বেষ ছড়াতেই এমন করেছেন কি না, সেটি তদন্ত করা হবে। আজ আদালতে সাক্ষ্য দেওয়ার পর জেহেজিকেলকে ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তেল আবিব বিমানবন্দরে জেহেজিকেলের ছবিও ছাপিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
তবে ক্লাব আন্তালিয়াস্পর জেহেজিকেলের চুক্তি বাতিল করেছে।
‘গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাকান্ডের পরও এর পক্ষ নিয়ে ইসরায়েলি ফুটবলার শেগিভ জেহেজিকেল তাঁর ঘৃণ্য উদ্যাপনের মাধ্যমে জনমনে ঘৃণা ছড়ানোর যে চেষ্টা করেছেন, সে জন্য তাঁর বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু করেছে আন্তালিয়ার সরকারি কৌঁশুলির অফিস’ – গতকাল ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন ইলমাজ তুঙ্ক। গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমরা সব সময়ই নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে।’
জেহেজিকেলের ক্লাব আন্তালিয়াস্পর জানিয়েছে, তাদের দেশের মূল্যবোধের বিরুদ্ধে যাওয়ায় জেহেজিকেলের চুক্তি তারা বাতিল করেছে। তুরস্কের ফুটবল ফেডারেশন আন্তালিয়াস্পরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে লিখেছে, ‘আজ ত্রাবজনস্পরের বিপক্ষে আন্তালিয়াস্পরের ম্যাচে ফুটবলার শেগিভ জেহেজিকেলের জঘন্য আচরণের নিন্দা জানাই আমরা। আন্তালিয়াস্পর এই খেলোয়াড়কে তাদের দল থেকে বের করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে আমাদের চোখে যথাযথ মনে হয়েছে।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সব সময়ই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর সময় থেকেই তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ও হামাসকে ‘স্বাধীনতাকামী দল’ হিসেবে অভিহিত করে এসেছেন।