টুর্নামেন্ট জয়ের আশায় গরু কোরবানি আফ্রিকার দেশটির

আফ্রিকান নেশনস কাপে সময়টা মোটেও ভালো কাটছে না মিসরের। গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি দলটি। ভাগ্য গুণে নকআউট পর্বের টিকেট মিলেছে। মূল তারকা মোহাম্মদ সালাহসহ একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে বাজে সময়ের মধ্যে আটকা পড়েছে রুই ভিতোরিয়ার শিষ্যরা।

আগামী রোববার টুর্নামেন্টের শেষ ষোলোতে কঙ্গোর মুখোমুখি হবে মিসর। সে ম্যাচে সৌভাগ্য ফেরানোর আশায় একটি গরু কোরবানি দিয়েছে আফ্রিকার দলটি। মিসর ফুটবল দলের মুখপাত্র মোহাম্মদ মোরাদই গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মোরাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা মিসরের সৌভাগ্য ফেরানোর আশায় বৃহস্পতিবার একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। পরবর্তীতে রাজধানী কায়রোর আশেপাশে অভাবী মানুষের মাঝে সে মাংস বিতরণ করা হয়।

আফ্রিকান নেশসন কাপে রেকর্ড সাতবার শিরোপা জিতেছে মিসর। গতবারও ফাইনালে ওঠা দলটি এবার প্রতিযোগিতায় এসেছিল হট ফেবারিটের তকমা নিয়ে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মোজাম্বিকের সঙ্গে ২-২ গোলে ড্র করে প্রতিযোগিতা শুরু করেন মোহাম্মদ সালাহরা।

পরের ম্যাচে ঘানার বিপক্ষে খেলতে নেমে চোট পান সালাহ। সে ম্যাচেও হোঁচট (২-২) খায় মিসর। কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচেও ড্র ভাগ্য পিছু ছাড়েনি মিসরের। সে ম্যাচেও ২-২ গোলের সমতা নিয়ে ম্যাচ শেষ করে তাঁরা।

গ্রুপের অন্য প্রতিপক্ষের ব্যর্থতার সুযোগে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়েও ‘বি’ গ্রুপে দ্বিতীয় সেরা হয়ে নক আউট পর্ব নিশ্চিত হয় মিসরের। কিন্তু শেষ ষোলো নিশ্চিত হলেও মিসরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় একের পর এক খেলোয়াড়ের চোট।

দ্বিতীয় ম্যাচে দলের সেরা খেলোয়াড় সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। পরের ম্যাচে কাঁধে চোট পেয়েছেন গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউয়ি। এদিকে অনুশীলন চলাকালে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মধ্যমাঠের ভরসা ইমাম আশুর।

মাঠে ও মাঠের বাইরে, এমন বাজে সময় কাটাতে শেষমেষ গরু কোরবানির সিদ্ধান্ত নেয় দেশটির ফুটবল ফেডারেশন। এর আগে ২০০৮ সালে নেশনস কাপে কোয়ার্টার ফাইনালের আগে একটি গরু কোরবানি দিয়েছিল তাঁরা। পরবর্তীতে সে টুর্নামেন্টের শিরোপা জিতেছিল মিসর।

আগামী রোববার রাতে সান পেদ্রোতে কঙ্গোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে মিসর। মজার ব্যাপার, মিসরের মতো কঙ্গোও গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি।