আর্জেন্টাইন তারকাকে কেন ‘ফুটবলের ডাক্তার’ ডাকা হচ্ছে

বিশ্ব ফুটবলে ম্যাক অ্যালিস্টারের আবির্ভাব অনেকটা হ্যালির ধুমকেতুর মতো। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত পারফরম্যান্সে পাদ প্রদীপের আলোয় এসেছেন। মেসিদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানো বিশ্বকাপ জয়ে মধ্যমাঠের অন্যতম ভরসার নাম অ্যালিস্টার। বৈশ্বিক টুর্নামেন্টে ওমন পারফরম্যান্সের পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি ২৫ বছর বয়সী এ মিডফিল্ডারকে।

চলতি মৌসুমের শুরুতে ব্রাইটন ছেড়ে নাম লিখিয়েছেন লিভারপুলে। ইংলিশ ক্লাবটিতেও যথারীতি মধ্যমাঠের ভরসার নাম হয়ে উঠেছেন অ্যালিস্টার। পালন করছেন সেন্ট্রাল মিডফিল্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিপক্ষের আক্রমণ তো প্রতিহত করেনই, পাশাপাশি পেছন থেকে খেলা গড়ে দিয়ে অবদান রাখছেন দলের জয়ে। নামের পাশে গোল বা অ্যাসিস্টের পরিসংখ্যান দিয়ে অ্যালিস্টারকে মাপা যাবে না। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ তো এবার বলেই দিলেন, অ্যালিস্টার তাঁর চোখে ফুটবলের ডাক্তারের মতো।

প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা প্রত্যাশিত না হলেও সময় গড়ানোর সঙ্গে ভয়ংকর রূপ ফিরে পেয়েছে লিভারপুল। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে অল রেডরা। গত সপ্তাহের শেষ দিনে অ্যানফিল্ডে চেলসিকে ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে ক্লপের শিষ্যরা। কেবল ওই ম্যাচেই নয়, লিভারপুলের এমন আধিপত্যশীল ফুটবল শৈলীতে মাঝমাঠের কথা উঠলেই অবধারিতভাবে চল আসে ম্যাক অ্যালিস্টারের নাম।

অথচ লিগে ১৭ ম্যাচ খেলা আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকার পাশে মাত্র এক গোল আর এক অ্যাসিস্ট। এফএ কাপে তিন ম্যাচ খেলে আরেকটা অ্যাসিস্ট। কিন্তু এ পরিসংখ্যানের পাল্লায় অ্যালিস্টারকে মাপা যাবে না। সরাসরি গোলে অবদান না রাখলেও খেলা গড়ে দিতে বড় ভূমিকা পালন করেন অ্যালিস্টার।

চেলসির বিপক্ষে ম্যাচের পরে অ্যালিস্টারের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হয়েছিল ক্লপের কাছে। লিভারপুল বস বলেছেন, ‘দুর্দান্ত। ওকে খেলতে দেখাটা স্বপ্নের মতো। আমার কাছে ম্যাক (অ্যালিস্টার) ফুটবলের ডাক্তারের মতো।’

আর্জেন্টাইন তারকাকে কেন ‘ডাক্তার’ বলেছেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন ক্লপ, ‘এটা অনেকটা গল্পের মতো। ওর বাবা-চাচা-ভাইদের সবাই ফুটবলার এবং প্রত্যেক ম্যাচের পরে ওরা বিশ্লেষণে বসে। ওর বাবা ম্যাচ শেষে (অ্যালিস্টারকে) বলেন, এ ম্যাচ নিয়ে তোমার বিশ্লেষণ কি? ওর বাবার এমন ফুটবলীয় জ্ঞানের জন্য ধন্যবাদ দিতে চাই।’

মূলত অ্যালিস্টারের বিশ্লেষণী ক্ষমতা ও মাঠে সেটার প্রয়োগের কারণে ক্লপ এমন মন্তব্য করেছেন। লিভারপুলে আর্জেন্টাইন তারকার গুরুত্ব বোঝাতে ক্লপ বলেছেন, ‘ওই পজিশনে ও (অ্যালিস্টার) যেভাবে খেলা, এটা অসাধারণ। সে সুপার স্মার্ট এবং খেলা আমাদের নিয়ন্ত্রণে নিতে দুর্দান্ত ভূমিকা রাখে।’