ক্লপের উত্তরসূরির খোঁজে

রোনালদোর ক্লাব থেকে রোনালদোরই সাবেক সতীর্থকে কোচ করে আনছে লিভারপুল?

ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন, লিভারপুল ভক্তদের প্রতিদিনই দীর্ঘশ্বাস ঝরানো খবরটা মাস তিনেক পুরোনো। সমর্থকেরা ক্লপকে ছাড়া লিভারপুলকে হয়তো চিন্তাও করতে পারছেন না, কিন্তু লিভারপুলের কর্তাব্যক্তিদের তো আর বসে থাকলে চলে না!

ক্লপ জনসম্মুখে লিভারপুল ছাড়ার ঘোষণাটা দিয়েছেন জানুয়ারিতে, তবে ক্লাবের কর্তাব্যক্তিদের সে খবর নভেম্বরেই জানিয়ে দিয়েছেন বলে পরে জানা গেছে। লিভারপুলের নতুন কোচের খোঁজও তাই শুরু হয়ে গেছে সে সময় থেকেই।

খোঁজের শেষে একজন কোচকে নাকি মনেও ধরেছে লিভারপুলের, তাঁর সঙ্গে কথাবার্তাও নাকি অনেক এগিয়ে গেছে। স্কাই স্পোর্টস জার্মানি তো জানাচ্ছে, মৌখিকভাবে কথাবার্তা পাকাপাকিও হয়ে গেছে, তিন বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে লিভারপুল। তা লিভারপুলের পরের কোচ হওয়ার দৌড়ে থাকা সে নামটি কার? পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদোর শৈশবের ক্লাব স্পোর্তিং ক্লুব দে পর্তুগালের বর্তমান কোচ রুবেন আমোরিম।

রুবেন আমোরিমই হবেন লিভারপুলের পরবর্তী কোচ? ছবি: টুইটার

৩৯ বছর বয়সী আমোরিম ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে পর্তুগাল জাতীয় দলে খেলেছেন রোনালদোর সঙ্গে। তবে পর্তুগালের জার্সিতে সাবেক এই মিডফিল্ডারের অভিজ্ঞতা মাত্র ১৪ ম্যাচের। ২০১৮ সালে শুরু কোচিং ক্যারিয়ারে স্পোর্তিং সিপির দায়িত্ব নিয়েছেন ২০১৯-২০ মৌসুমে, দ্বিতীয় মৌসুমেই স্পোর্তিংকে ১৯ বছর পর প্রথম লিগ জিতিয়েছেন।   

যদিও স্কাই জার্মানির খবরের বিপরীত দিকের খবরও আসছে। ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের লিভারপুল বিষয়ক সাংবাদিক জেমস পিয়ার্স জানাচ্ছেন, আমোরিম লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে থাকা প্রথম সারির নামগুলোর একটি ঠিকই, তবে এখনো তাঁকে কোনো চুক্তির প্রস্তাব দেয়নি লিভারপুল, কোনো মৌখিক সম্মতিও হয়নি।

এর আগে অ্যাথলেটিকের দলবদলবিষয়ক খবরের ক্ষেত্রে বিশ্বস্ত নাম ডেভিড অর্নস্টাইনও জানিয়েছিলেন, কোনো চুক্তির প্রস্তাব এখনো দেয়নি লিভারপুল। একই সুরে বলেছেন দলবদলবিষয়ক খবরের ক্ষেত্রে বিশ্বস্ত আরেক নাম – ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানোও।

গত কিছুদিনে লিভারপুলের ক্লাব কাঠামোতে অনেক অদলবদল ঘটে গেছে। ক্লাবের নতুন ‘ফুটবল পরিচালক’ হয়ে লিভারপুলে ফিরেছেন কয়েক বছর আগেই ক্লাবটিতে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে চোখধাঁধানো সাফল্য দেখানো মাইকেল এডওয়ার্ডস। তাঁর অধীনে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন রিচার্ড হিউজেস, যিনি এর আগে কাজ করেছেন বোর্নমাউথে।

এডওয়ার্ডস এবং তাঁর ভাবশিষ্য হিউজেস দুজনই ডেটা অ্যানালিটিক্সকেই সূত্র মেনে ক্লাব চালান, ডেটা অ্যানালিটিক্সকে মাধ্যম মেনেই তাঁরা নতুন কোচের খোঁজ করছেন বলে আগে জানা গিয়েছিল। মাস খানেক আগে ইংলিশ মাধ্যম দ্য অ্যাথলেটিকসের দলবদলবিষয়ক খবরের ক্ষেত্রে বিশ্বস্ত সাংবাদিক ডেভিড অর্নস্টাইন জানিয়েছিলেন, ডেটা অ্যানালিটিক্সের কারণেই ব্রাইটনের কোচ রবের্তো দে জেরবির লিভারপুলের কোচ হওয়া প্রায় অসম্ভব বলে দেওয়া যায়।

দৌড়ে তাই মূলত দুটি নামই বেশি শোনা গেছে – জার্মান বুন্দেসলিগায় অসাধারণ প্রদর্শনী রেখে শিরোপার দিকে ছুটতে থাকা বায়ার লেভারকুসেনের কোচ ও লিভারপুলেরই সাবেক মিডফিল্ডার শাবি আলনসো, আর রুবেন আমোরিম। এর মধ্যে আলোনসোকে নিয়ে মাতামাতিটা বেশি ছিল শুরুতে। সেটা লেভারকুসেনকে দিয়ে সিনিয়র ফুটবলে কোচিং শুরুর বছর দেড়েকের মধ্যেই আলোনসোর অসাধারণ নৈপুণ্যের কারণে তো বটেই, পাশাপাশি লিভারপুলের প্রতি তাঁর ভালোবাসার কারণেও।

গত মৌসুমে অবনমন এড়াতে লড়তে থাকা লেভারকুসেনের দায়িত্ব নিয়ে তাদের শেষ পর্যন্ত লিগে ষষ্ঠ অবস্থানে নিয়ে গিয়েছিলেন, উঠিয়েছিলে ইউরোপা লিগের সেমিফাইনালেও। এবার সেই লেভারকুসেন এখনো মৌসুমে অপরাজিত, বায়ার্ন মিউনিখের আধিপত্য ভেঙে বুন্দেসলিগার শিরোপা থেকে আর তিন পয়েন্ট দূরে। আলোনসোকে নিয়ে তাই ইউরোপে মাতামাতি, লিভারপুল ভক্তরাও স্বপ্নে বুক বেঁধেছিলেন। তাঁরই সাবেক আরও দুই ক্লাব রেয়াল মাদ্রিদ আর বায়ার্নও তাঁকে পেতে আগ্রহী ছিল। তবে আলোনসো কদিন আগেই জানিয়ে দিয়েছেন, মাত্রই শুরু কোচিং ক্যারিয়ারে এখনই লিভারপুল-রেয়াল মাদ্রিদ-বায়ার্নের মতো ক্লাবে যেতে চান না, লেভারকুসেনে আরও অন্তত এক মৌসুম থেকে একটা ক্লাবকে গড়ে তোলার অভিজ্ঞতা, নিজ হাতে গড়া দল নিয়ে চ্যাম্পিয়নস লিগের অভিজ্ঞতা নিতে চান।  

লিভারপুলের জন্য তাই আলোচিত নামগুলোর মধ্যে আমোরিমই বাকি ছিলেন। তাঁর সঙ্গে লিভারপুলকে জড়িয়ে গুঞ্জনের জোরও বাড়ে আলোনসোর ওই সিদ্ধান্তের ঘোষণা আসার পর থেকে।

তবে ক্লপের মতোই মিড ব্লকে কাউন্টার প্রেসিং কৌশলে খেলানো আমোরিমকে নিয়ে লিভারপুল স্বপ্ন দেখতেই পারে। অবশ্য তাঁর খেলার ধরনের সঙ্গে ক্লপের চেয়েও লেভারকুসেনের আলোনসো কিংবা ইন্তের মিলানের সিমোনে ইনজাগির সঙ্গে মিল বেশি খুঁজে পান অনেকে। এই মৌসুমে আবার স্পোর্তিংকে লিগ জেতানোর খুব কাছে চলে গেছেন, পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বেনফিকাকে গত শনিবার ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে। লিগে স্পোর্তিংয়ের ম্যাচ বাকি আর ৭টি।  

ক্লপের উত্তরসূরি হিসেবে তাঁকে লিভারপুল সমর্থকদের খুব একটা অপছন্দ সম্ভবত হবে না।