পিএসজির অহংকার চূর্ণ করে বার্সেলোনা জানাল, তারা এখনো বেঁচে আছে

গত পরশু রাতে আর্লিং হলান্ডকে খুঁজে পাওয়া যায়নি সান্তিয়াগো বার্নাব্যুতে। গত মৌসুমে লিওনেল মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই যার হয়েছে বালন দ’রের মঞ্চে তাঁর এমন পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের।

মেসি-রোনালদো যুগ শেষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হলান্ডের সঙ্গে যার নাম শোনা যায়, সেই কিলিয়ান এমবাপ্পে যেন গতকাল ‘টেক্কা’ দিলেন প্রতিদ্বন্দ্বীকে। হলান্ড না হয় প্রতিপক্ষের মাঠে বিরুদ্ধ দর্শকের সামনে চাপে পড়েছিলেন, এমবাপ্পে যে ঘরের মাঠেই খেললেন। কিন্তু মূল ফরোয়ার্ডের হারিয়ে যাওয়ার দিনে ঘরের মাঠেই বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি।

গতকালের আগে চ্যাম্পিয়নস লিগে কোন গোল ছিল না রাফিনিয়ার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাল করেছেন দুই গোল। সে সঙ্গে বদলি নামা ক্রিস্টেনসেনের হেডে প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান এক জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলে ২৭ ম্যাচ অপরাজিত ছিল পিএসজি। কিন্তু কোচ শাভি এরনান্দেস চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ভিন্ন রূপে আবির্ভূত বার্সেলোনার সামনে সে অহংকার কাল চূর্ণ হয়ে গেছে।

২০২০ সালের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জার পর চ্যাম্পিয়নস লিগে আর কোয়ার্টার ফাইনালে ওঠা হচ্ছিল না বার্সেলোনার। গত দুই মৌসুম তো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেই উঠতে পারেনি ক্লাবটি। এ মৌসুমে সবাইকে চমকে দিয়ে তারাই এখন সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে।

ম্যাচ শেষে শাভি তাই বলতে পেরেছেন, ‘আমাদের গর্ব করে বলতে পারা উচিত বার্সা বেঁচে আছে। আমরা বুঝতে পেরেছি বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সুবিধাটা হয়তো অত বেশি না। কিন্তু এই জয় জয় আমাদের শহরে এবং ভক্তদের বেশি রোমাঞ্চিত করবে।’

গতকাল স্বাগতিকরা বার্সেলোনায় প্রাধান্য দেখিয়েছে ম্যাচের শুরু থেকে। ৩৭ মিনিটে বক্সে একটি ক্রস ধরতে পারেননি পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। বল পেয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল পান রাফিনিয়া।

পুরো ম্যাচেই দোন্নারুম্মাকে দেখে মনে হয়েছে চাপে আছে। বিশেষ করে বাতাসে তাঁর দুর্বলতা ছিল দেখার মতো। ৩৭ মিনিটের গোলের বেশ আগেও তাঁর ভুলে গোল খেতে বসেছিল পিএসজি।

বিরতির পর মার্কো আসেনসিওকে বসিয়ে ব্র্যাডলি বারকোলাকে নামানোর পর স্বাগতিকদের খেলায় প্রাণ ফেরে।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটেই দুই গোল পিএসজির। ৪৮ মিনিটে সাবেক বার্সা তারকা উসমানে দেমবেলের শট আটকানোর কোনো উপায় পাননি তিন ডিফেন্ডার। ২ মিনিট পরই প্রতিআক্রমণ থেকে গোল করেছেন ভিতিনিয়া।

ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলের একটু পরই গোল করে বসেছিলেন বারকোলা। কিন্তু ফ্রেঞ্চ উইঙ্গারের শট বারে লেগে ফিরেছে।

৬২ মিনিটে রাফিনিয়া দলকে ম্যাচে ফেরান। ১৫ মিনিট পরই দোন্নারুম্মার ভুলকে কাজে লাগিয়ে হেড থেকে গোল করেন ক্রিস্টেনসেন। কর্নারের সময়ও নিজের ছয় গজ বক্সে বল ক্লিয়ার করতে এগোননি ইতালিয়ান গোলকিপার।

দিনের অন্য ম্যাচে রক্ষণের ভুলে দুই গোল হজম করেছে বরুশিয়া ডর্টমুন্ড। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানে এই হারের একটাই সান্ত্বনা, পরের লেগ ঘরের মাঠে খেলবে তারা।