রেয়াল মাদ্রিদ যখন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে, তখনই অনেকের চোখে এটাই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার মতো ম্যাচ! এর আগে কোয়ার্টার ফাইনালে রেয়াল মাদ্রিদ যখন ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছে, তখনো একই কথা মনে হয়েছিল অনেকের।
তা চ্যাম্পিয়নস লিগের সত্যিকারের ফাইনালে ওঠার খুব কাছেই আছে মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ বাংলাদেশ সময় রাত ১টায় নিজ মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।
কিন্তু মাদ্রিদ যে রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলবে, বার্সেলোনা কী করবে? একে তো মাদ্রিদের কাছে লিগের শিরোপা হারিয়ে বসেছে বার্সা – শিরোপা হারানো কী, এই মুহুর্তে জিরোনার পেছনে লিগে তৃতীয় অবস্থানেই আছে শাভি এর্নান্দেসের দল। চ্যাম্পিয়নস লিগেও পিএসজির কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই বাদ পড়েছে বার্সা। মৌসুমে আর বার্সার সেভাবে পাওয়ার কিছু নেই।
তবে আজ মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলার রাতে বার্সার শীর্ষ কর্তাদের নজর নাকি থাকবে ইউরোপের মহাদেশীয় প্রতিযোগিতার তৃতীয় স্তর কনফারেন্স লিগের সেমিফাইনালে ক্লুব ব্রুগা আর ফিওরেন্তিনার ম্যাচে – এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।
কারণটা সহজেই অনুমান করে নেওয়া যায়, কোনো এক খেলোয়াড়ের দিকেই নিশ্চয়ই নজর থাকবে বার্সার ক্রীড়া পরিচালক দেকোসহ অন্যদের। কোন খেলোয়াড়? ব্রুগার ১৯ বছর বয়সী নরওয়েইজিয়ান উইঙ্গার আন্তোনিও নুসা! নাইজেরিয়ান বাবা ও নরওয়েইজিয়ান মায়ের সন্তান নুসা এই মৌসুমে ব্রুগার হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪২ ম্যাচে ৪ গোল করেছেন, করিয়েছেন আরও ৪টি।
তবে নরওয়ে জাতীয় দলের জার্সিতে তাঁর পারফরম্যান্স আরও উজ্জ্বল। এ পর্যন্ত হলান্ড-ওডেগার্ডদের সঙ্গে জাতীয় দলে পাঁচটি ম্যাচ খেলেছেন নুসা, তাতেই পাঁচ গোলে সরাসরি অবদান তাঁর – গোল করেছেন ১টি, করিয়েছেন ৪টি!
ইউরোপের অনেক ক্লাবের নজরে থাকা নুসাকে অনেকদিন ধরেই বার্সেলোনা চোখে চোখে রাখছে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
কনফারেন্স লিগের সেমিফাইনালে অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই নুসার ব্রুগা। প্রথম লেগে ফিওরেন্তিনার মাঠে হেরে গেছে ৩-২ গোলে। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে হতে যাওয়া দ্বিতীয় লেগে ঘরের মাঠে আলো ছড়িয়ে নুসা বার্সার আরও প্রার্থিত হতে পারেন কি না, তা-ই দেখার।