বলেকয়ে ফেরানোর এক মাসের মধ্যেই শাভিকে ছাঁটাই করবে বার্সা!  

গতকাল বৃহস্পতিবার লা লিগার ম্যাচে আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে এটি ছিল কোচ হিসেবে শাভি এরনান্দেসের শততম ম্যাচ। শাভির মাইলফলকের ম্যাচে জোড়া গোল করেছেন স্প্যানিশ মিডফিল্ডার ফেরমিন লোপেস।

লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে বার্সার। এর আগে ক্লাবটির কোচ শাভি জানিয়েছিলেন, তাঁদের লক্ষ্য দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করা। অর্থাৎ পরের মৌসুমের স্প্যানিশ সুপার কাপ খেলার টিকিট নিশ্চিত করতে চেয়েছিলেন বার্সা কোচ। সে পথে ভালোভাবেই আছে কাতালানরা। কিন্তু শঙ্কায় পড়েছে বার্সার ডাগআউটে শাভির ভবিষ্যৎ।

এর আগে শাভি ঘোষণা দিয়েছিলেন, মৌসুম শেষে বার্সার দায়িত্ব ছাড়বেন। কিন্তু গত মাসের শেষ দিকে আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ। ক্লাবের পক্ষ থেকেই অনেক বলেকয়ে ফেরানো হয় তাঁকে। সে সময় শাভি জানান, বার্সার কোচ হিসেবে আরেকটা মৌসুম কাটাবেন তিনি। কিন্তু ঘটনায় আবারও মোড় এসেছে। এ মৌসুম শেষে বরখাস্ত হতে পারেন শাভি। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপে জানাচ্ছে, আলমেরিয়া ম্যাচের আগে শাভিকে বরখাস্ত করার জন্য বার্সা সভাপতিকে পরামর্শ দিয়েছেন ক্লাবটির বোর্ড সদস্যরা।

প্রশ্ন জাগতে পারে, বার্সা বোর্ড হঠাৎ কেন শাভিকে বরখাস্ত করতে চাইবে? এ প্রসঙ্গে কোপের প্রতিবেদনে বলা হয়েছে, আলমেরিয়া ম্যাচের আগে বার্সার অর্থনৈতিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন শাভি। যা ক্ষুব্ধ করেছে ক্লাবটির বোর্ড সদস্যদের।

আলমেরিয়া ম্যাচের আগে গ্রীষ্মকালীন দলবদল নিয়ে মন্তব্যে বলেছিলেন, ‘উদ্দেশ্য পরিবর্তন করতে হবে। খেলোয়াড় দলে টানতে হবে এবং উন্নতি করতে হবে। যদি এমনটা না হয়, তবে আমরা এমন অবস্থাতেই থাকব। যে জায়গাগুলোতে ঘাটতি আসে, সেগুলো উন্নত করতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা ও ফেয়ার প্লে-র নাটক দেখতে হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’

শাভি জানিয়েছেন, বার্সা সভাপতি লাপোর্তা ও ক্রীড়া পরিচালক দেকো সর্বদা ইতিবাচক থাকলেও ক্লাবের ভঙ্গুর ‘অর্থনৈতিক অবস্থা দেখেই ক্রীড়া পরিকল্পনা নিতে হয়। আর আপনারা সবাই এটা (বার্সার আর্থিক দুর্দশা) জানেন। পরিস্থিতি খুব জটিল। বিশেষ করে অর্থনৈতিক বিবেচনায় সেরা খেলোয়াড় দলে টানা কঠিন। অনেক ক্লাব আছে, যারা আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। বার্সা সমর্থকেরা নিশ্চয়ই এটা বুঝতে পারে, যেভাবে আমি বুঝি। আমাদের এভাবেই মানিয়ে নিতে হবে। কিন্তু এর মানে এই না যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না।’

কোপে দাবি করছে, শাভির এমন মন্তব্য লাপোর্তাসহ বার্সা বোর্ডকে ক্ষুব্ধ করেছে। এরপর লাপোর্তার ঘনিষ্ঠজনরা শাভিকে বরখাস্ত করার পরামর্শ দেন। স্প্যানিশ সাংবাদিক আচরাফ বেন ইয়াদ জানিয়েছেন, পরের মৌসুমে শাভিকে বার্সার ডাগ আউটে দেখা যাবে কি না, এটি এখন নিশ্চিত নয়। বার্সাতে শাভির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ হবে বলে জানান তিনি। 

এ মুহূর্তে ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বার্সা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে জিরোনা। আগামী ১৯ মে ভায়োকানো ও ২৫ মে সেভিয়ার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে খেলতে নামবে বার্সা।