দল বাদ যাওয়ার পর তাঁকে সাংবাদিকের অনুরোধ, ‘কখনো অবসর নিও না’

ম্যাচের শেষ বাঁশি বাজতেই দুদলের খেলোয়াড়রা মাঠে ভেঙে পড়লেন কান্নায়। কিন্তু দুদলের কান্নার মধ্যে আকাশ পাতাল-ব্যবধান। ১-১ গোলে ড্র করে ইতালিয়ানরা যেখানে অবিশ্বাস্যভাবে শেষ ষোলোর টিকিট প্রাপ্তির আনন্দে আত্মহারা, অন্যদিকে ক্রোয়াটদের কান্নাটা প্রথম রাউন্ডেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায়।

প্রায় নিশ্চিত বলতে হচ্ছে, কারণ ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়ার এখনো সমীকরণের জিলাপীর প্যাঁচে সুযোগ আছে সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোতে যাওয়ার।

‘যদি’-‘কিন্তু’তে ভরা সে সমীকরণ পেরিয়ে ক্রোয়েশিয়া পরের পর্বে যাবে, সে আশা সম্ভবত ক্রোয়েশিয়ার চরম আশাবাদী সমর্থকও করছেন না। সে ক্ষেত্রে বলে দেওয়া যায়, ইউরো থেকে বিদায় নিশ্চিত। একই সঙ্গে নিশ্চিত হয়ে গেল, লুকা মদরিচকেও সম্ভবত ক্রোয়েশিয়ার জার্সিতে আর বড় মঞ্চে দেখা যাবে না।

কিন্তু সেটিই হতে দেখতে চান না এক ইতালিয়ান সাংবাদিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দারুণ সম্মান জানিয়ে মদরিচকে তাঁর অনুরোধ, কখনো অবসর নিও না!

ক্রোয়েশিয়া আর মদরিচের ভাগ্যটা কাল কী অবিশ্বাস্যভাবেই না ঘুরে গেল! ম্যাচের প্রায় শেষভাগ পর্যন্ত নকআউটের পথেই ছিল ক্রোয়েশিয়া। লুকা মদরিচের গোলে ১-০ গোলে এগিয়ে তারাই। অবশ্য গোলের আগে একটা পেনাল্টিতে ব্যর্থ হয়েছিলেন ক্রোয়াট অধিনায়ক। তবু তাঁর এক গোলেই নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়েরও শেষ দিকে শেষ ষোলোর ঘ্রাণ পাচ্ছিল ক্রোয়েশিয়া। তখনই বিপত্তি!

রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষা চলছিল তখন। সাইডলাইনের বাইরে কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপনের জন্য প্রস্তুত ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। ঘড়ির কাটার হিসাবে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এমন সময় ক্রোয়েশিয়ার জালে বল জড়ালেন বদলি নামা ইতালিয়ান স্ট্রাইকার মাত্তিয়া জাকাগনি। মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ল ক্রোয়াট সমর্থক গ্যালারি।

এ ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে নক আউটের টিকিট পেয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। অন্যদিকে তিন ম্যাচের একটিতেও জিততে না পারা ক্রোয়েশিয়া গ্রুপ পর্ব শেষ করেছে ২ পয়েন্ট নিয়ে। তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে পরের পর্বে তাদের যাওয়া নির্ভর করছে স্লোভেনিয়া, সার্বিয়া, চেক প্রজাতন্ত্র ও জর্জিয়ার হার এবং হারের ব্যবধানের ওপর।

সেটার সম্ভাবনা এতই কম যে এই ম্যাচেই মদরিচের শেষ দেখে ফেলছেন সবাই। সে কারণেই কি না, সংবাদ সম্মেলনে ইতালিয়ান এক সাংবাদিক মদরিচকে বললেন, ‘শুভ সন্ধ্যা লুকা। একজন ইতালিয়ান সাংবাদিক হয়েও আপনাকে অভিবাদন জানাই আপনি যা করেছেন সেসবের জন্য – শুধু আজকের ম্যাচই নয়, পুরো ক্যারিয়ারের জন্য। আরেকবার আপনি সেরা খেলোয়াড় প্রমাণ করেছেন নিজেকে, গোল করেছেন, যদিও একটা পেনাল্টি মিস করেছেন। আমি শুধু আপনাকে এটাই বলি – আমি চাই আপনি কখনো অবসর না নিন! কারণ আমি যাঁদের নিয়ে ধারাভাষ্য দিয়েছি, আপনি তার মধ্যে সেরাদের একজন।’

জবাবে মৃদু হেসে মদরিচ চোখ টিপ দিয়ে ‘গ্রাজি’ (ধন্যবাদ-এর ইতালিয়ান শব্দ) বললেন মদরিচ। এরপর বললেন, ‘এত সুন্দর করে সম্মান জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমিও তো সারাজীবন খেলে যেতে চাই। কিন্তু একটা সময় তো আসবে যখন বুটজোড়া তুলে রাখতেই হবে। খেলতে ভালো লাগে আমার, জানি না কতদিন খেলে যেতে পারব। আপনাকে ধন্যবাদ।’