টানা নয় মৌসুম পর ইয়ুর্গেন ক্লপহীন যুগের সূচনা করেছে লিভারপুল। ৫৭ বছর বয়সী জার্মান কোচের জায়গা নিয়েছেন আর্নে স্লট। লিভারপুলের দায়িত্ব নিয়েই তিন দশক আগের স্মৃতি ফিরিয়েছেন ৪৫ বছর বয়সী ডাচ কোচ স্লট।
১৯৯১ সালের এপ্রিলে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর প্রথম লিগ ম্যাচে অলরেডদের জয় এনে দিয়েছিলেন গ্রায়েম সোনেস। সেই শেষ, এরপর যিনিই লিভারপুলের কোচ হয়ে এসেছেন, কেউই নিজের প্রথম লিগ ম্যাচ জিততে পারেননি।
রয় ইভানস, জেরার্ড হুলে, রাফা বেনিতেজ, রয় হজসন, কেলি ডালগ্লিশ, ব্রেন্ডন রজার্স থেকে ইয়ুর্গেন ক্লপ- তালিকাটা ক্রমে দীর্ঘ হয়েছে, কিন্তু প্রথম লিগ ম্যাচে লিভারপুলের জয় অধরাই থেকেছে। অবশেষে এ ধারার ইতি টেনেছেন স্লট। ইপ্সউইচ টাউনকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে স্লট অধ্যায় শুরু করেছে লিভারপুল।
২২ বছর পর প্রিমিয়ার লিগে খেলতে আসা ইপ্সউইচ টাউনের মাঠে গতকাল শনিবার আতিথ্য নেওয়া অল রেডদের প্রথমার্ধ কেটেছে বাজে ফুটবলের প্রদর্শনীতে। প্রথমার্ধ জুড়ে লিভারপুল শট নিতে পেরেছে কেবল তিনটি, যার একটি শটও গোলপোস্ট বরাবর ছিল না। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় লিভারপুলের চেহারা। এ সময়ে নেওয়া ১৫ শটের ৫টি ছিল গোলমুখী। আর দুই গোলেই জড়িয়ে আছে সালাহর নাম।
ম্যাচের ৬০ মিনিটে সালাহর পাস থেকে গোল করে লিভারপুল সমর্থকদের স্বস্তি এনে দেন দিয়েগো জোতা। এর ৫ মিনিট পর গোলের খাতায় নাম লেখান সালাহ। এতে দারুণ একটা রেকর্ডে উঠেছে মিশরীয় ফরোয়ার্ডের নাম। এ নিয়ে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রেকর্ড ৯ গোল করলেন সালাহ। পেছনে ফেললেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, অ্যালান শিয়ারার ও ওয়েইন রুনির ৮ গোলের রেকর্ড।
সালাহর গোলের পর শেষদিকে আরও কয়েকবার আক্রমণ চালালেও আর গোল পায়নি লিভারপুল। এতে ২-০ ব্যবধানের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্লটের দলকে।
প্রথমার্ধে বাজে পারফরম্যান্স ও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো, একে ‘শ্বাসরুদ্ধকর’ বলে আখ্যা দিয়েছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার পিটার ক্রাউচ। এর জন্য নতুন খেলোয়াড় না কেনাকেও দায়ী করেন তিনি। ক্রাউচ বলেছেন, ‘মৌসুমে নতুন কাউকে না কেনা ও নতুন কোচের (কৌশলের) ব্যাপারে লিভারপুলের একটি বিবৃতি দেওয়া প্রয়োজন। ইপ্সউইচের খেলা দেখে মাঝে মধ্যে মনে হয়েছে, ওরা যেভাবে খুশি গোল করতে যাচ্ছে।’
প্রথমার্ধের বাজে পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের বদলে ম্যাচের সূচীকে দায়ী করেছেন স্লট। গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ম্যাচটি। এ নিয়ে লিভারপুলের নতুন কোচ বলেছেন, ‘আমি যখন (লিভারপুলে) দায়িত্ব নিলাম, এখানের অনেকগুলো বিষয়ের মধ্যে ইয়ুর্গেন (ক্লপ) যেটা ঘৃণা করতেন, দুপুর সাড়ে ১২টায় ম্যাচ শুরু হওয়া। আমাদের খেলাতেও বোঝা যাচ্ছে, সাড়ে ১২ টায় ম্যাচ শুরু হওয়াটা ভালো লাগেনি আমাদের। প্রথমার্ধটা মোটেও ভালো যায়নি। তবে দ্বিতীয়ার্ধে ছেলেরা সত্যিই ভালো করেছে।’
ইপ্সউইচের প্রশংসাও করেছেন স্লট, ‘আমরা দলগতভাবে দ্বিতীয়ার্ধে বেশি সুযোগ তৈরি করেছিলাম। ইপ্সউইচকেও কৃতিত্ব দেব। ওরা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ওয়ান ভার্সেস ওয়ানেও ছিল ভয়ডরহীন। তবে দ্বিতীয়ার্ধে আমরা বেশি ডুয়েলস জিতেছি। পেছন থেকে খেলা গড়েছি। একটা দল যদি ওয়ান ভার্সেস ওয়ানে ঝুঁকি নেয় এবং আপনার দলে জোতা, সালাহ ও (লুইস) দিয়াসের মতো খেলোয়াড় থাক, তাদের কেন ব্যবহার করবেন না?’