খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি কাজী সালাউদ্দিন

৫ আগস্ট পোশাককর্মী মো. রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে, এ নিয়েই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তোলপাড়। এর মধ্যে নতুন করে মামলায় জড়াল বাফুফে সভাপতি ও কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম।

২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে মামলার আবেদন করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দির পর আদালত মতিঝিল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় কাজী সালাউদ্দিনের বাইরেও শেখ সেলিম, শেখ হেলাম, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী, একে এম মমিনুল হক সাঈদ, মোস্তফা জামান পপি, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তাঁর গাড়িবহরে আসামিরা হামলা চালান। এসময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতা-কর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

এতে বলা হয়, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হয়। আওয়ামী লীগের ১৪ দলীয় জোট এবং এর অঙ্গসংগঠনের ২০০-৩০০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।