কেন বার্সা তাঁকে পেতে মরিয়া ছিল, নেমেই বোঝালেন অলমো

৬ কোটি ২০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৮২৭ কোটি টাকা! দেনার দায়ে জর্জরিত বার্সেলোনার জন্য বড় খরচই বটে! এর মধ্যে লিগের বেঁধে দেওয়া বেতনের সীমার মধ্যে তাঁকে নিবন্ধন করাতে কত গলদঘর্মই না হলো বার্সা!

গুন্দোয়ানকে ছেড়ে দিয়ে, ভিতর হচ-লংলেদের ধারে পাঠিয়ে বেতনের বিলে জায়গা খালি করেছ শুধু তাঁকে নিবন্ধন করাতেই! তাতেও হয়নি, শেষ পর্যন্ত লম্বা চোটে পড়া ক্রিস্তেনসেনের বেতনের ৮০ ভাগ কাজে লাগানোর সুযোগ নিয়ে অবশেষে গতকাল ম্যাচের আগে নিবন্ধনটা হয়েছে।

যাঁর জন্য এত কষ্ট, সেই দানি অলমো কাল রায়ে ভায়েকানোর বিপক্ষে অভিষেকেই জয় এনে দিয়েছেন বার্সাকে! পিছিয়ে পড়া বার্সা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে, বার্সার দ্বিতীয় গোলটি করে অভিষেক রাঙিয়েছেন অলমো।

ভায়েকাসে উনাই লোপেসের গোলে ১০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক ভায়েকানো। বিরতিতে পিছিয়ে থাকা বার্সার হয়ে বিরতির পরই নামেন অলমো। শুরুতেই একটা পেনাল্টি পাওয়ার দাবি তুলেছিলেন, তবে তা রেফারির কাছে পাত্তা পায়নি।

এর মধ্যে ৬০ মিনিটে রাফিনিয়ার সঙ্গে দারুণ সমন্বয়ের পর পেদ্রির গোলে সমতায় ফেরে বার্সা। কিছুক্ষণ পর লেফানদফস্কির গোল বাতিল হয় বিল্ড-আপে ফাউলের অভিযোগে। এরপর অলমো-মিষ্টি মুহূর্ত বার্সার। ৮২ মিনিটে লামিন ইয়ামালের পাস ধরে বল জালে জড়িয়ে দেন অলমো।

তিন বছর পর ভায়েকাসে জয় পাওয়া বার্সা এবারের লিগে প্রথম ৩ ম্যাচেই জিতল।